অজয় কুমার
প্রণব মুখোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটা কথা মনে রাখা দরকার, ভারতীয় রাজনীতিতে প্রণববাবুর মতো প্রশাসনিক অভিজ্ঞতা খুব কম নেতারই ছিল। ইন্দিরা গান্ধীর আমল থেকেই তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী মুখ। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। নীতিনির্ধারণ থেকে সংসদীয় রাজনীতি, দলীয় সমীকরণ থেকে প্রশাসনিক জটিলতা—সব ক্ষেত্রেই ছিল তাঁর অসাধারণ দখল।
ইন্দিরার মৃত্যুর পর আরও বড় গরিষ্ঠতা নিয়ে এলেন রাজীব গান্ধী। কিন্তু অরুণ নেহরুর মতো কারও কারও পরামর্শে রাজীব ও প্রণবের সম্পর্কে ফাটল ধরেছিল। বলা হয়, প্রণববাবু নাকি দল ছেড়েছিলেন। কিন্তু ঘটনা মোটেই তেমন নয়। প্রণববাবুকে দল বহিষ্কার করে। তখন প্রণববাবু নতুন দলও তৈরি করেন। যদিও নির্বাচনী ভরাডুবি হয়েছিল। পরে আবার কংগ্রেসের মূলস্রোতেই ফিরে এসেছিলেন।
নরসীমা রাওয়ের জমানাতেও তাঁর গুরুত্ব ছিল অপরিসীম। প্রথমে ক্যাবিনেটে না থাকলেও দ্রুত তাঁকে বিদেশমন্ত্রী করে আনা হয়। নরসীমাও বুঝেছিলেন, প্রণববাবুকে ক্যাবিনেটের বাইরে রাখা ঠিক রহবে না। আর মনমোহন সিংয়ের দুই দফার ইউপিএ সরকারে তো কার্যত ছিলেন অন্যতম প্রধান ভরসা। অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী—প্রায় সব গুরুত্বপূর্ণ দায়িত্বই সামলেছেন। সরকারের যখনই কোনও রাজনৈতিক বা প্রশাসনিক সঙ্কট, তখনই ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে প্রণববাবুকে। তিনি ছিলেন কংগ্রেসের এক নির্ভরযোগ্য ক্রাইসিস ম্যানেজার।
এমন একজন নেতার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থাকতেই পারে। তাতে অন্যায়ের কী আছে? বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সংসদীয় রাজনীতিতে তাঁর ভূমিকার কথা মাথায় রাখলে সেই আকাঙ্ক্ষাকে অস্বাভাবিক বলার কোনও কারণ নেই।
অনেকেরই ধারণা, ইউপিএ-২ সরকারের সময় মনমোহন সিংয়ের পরিবর্তে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হলে কংগ্রেস সরকার হয়তো এতটা দিশাহীন হয়ে পড়ত না। টুজি কেলেঙ্কারি, কয়লা দুর্নীতির অভিযোগ, একের পর এক রাজনৈতিক সঙ্কট—এসব মোকাবিলায় প্রণববাবুর অভিজ্ঞতা কাজে আসতে পারত। অবশ্য সেটি একটি সম্ভাবনার কথা, ইতিহাসের অমীমাংসিত প্রশ্ন।
সোনিয়া গান্ধী তাঁর বইয়ে প্রণববাবুর উচ্চাকাঙ্ক্ষার কথা লিখেছেন। কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষার পিছনে যে দীর্ঘ অভিজ্ঞতা, যোগ্যতা এবং রাজনৈতিক পরিশ্রম ছিল, সেটাও তো বিবেচনায় রাখা প্রয়োজন।
প্রণববাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন—এটা তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। গান্ধী পরিবারের বাইরে থেকেও দেশের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পাওয়ার স্বপ্ন দেখেছিলেন একজন যোগ্য রাজনীতিক। সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু স্বপ্ন দেখাটাই কি অপরাধ? ২০০৪ এ সোনিয়া যখন প্রধানমন্ত্রী হলেন না, তখনই প্রণববাবুকে দায়িত্ব দেওয়া যেত। হয়তো সোনিয়া নিজের একান্ত অনুগত কাউকে বসাতে চেয়েছিলেন। প্রণববাবু প্রধানমন্ত্রী হতে গান্ধী পরিবারের প্রাসঙ্গিকতা থাকবে না, এমনটা মনে হয়ে থাকতে পারে। ২০০৭ নাগাদ রাষ্ট্রপতি পদেও তিনিই ছিলেন অটোমেটিক চয়েস। শরিকদের অনেকেই সরাসরি প্রণববাবুর নাম প্রস্তাব করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাষ্ট্রপতি করা হয় প্রতিভা পাটিলকে।
পরে, ২০১২ নাগাদ তাঁকে রাষ্ট্রপতি করা হয়েছিল, নিঃসন্দেহে সেটাও ছিল সর্বোচ্চ সম্মানের পদ। কিন্তু রাষ্ট্রপতি ভবনে পৌঁছনো আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া তো এক কথা নয়। দেশের প্রশাসন পরিচালনার যে অভিজ্ঞতা তাঁর ছিল, তার যথাযথ ব্যবহার হয়তো অন্যভাবেও হতে পারত।
প্রণববাবুর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিস্ময়ের চেয়ে বড় প্রশ্ন তাই অন্য জায়গায়—যে মানুষটি বছরের পর বছর দল ও সরকারকে সঙ্কট থেকে উদ্ধার করেছেন, তাঁকে শেষ পর্যন্ত সরকারের শীর্ষ দায়িত্ব দেওয়ার কথা কেন গুরুত্ব দিয়ে ভাবা হল না? প্রণবাবু নাকি বলেছিলেন, সরকারের শীর্ষপদে বদল দরকার। হতেই পারে, তিনি মনমোহনকে সরিয়ে রাহুল গান্ধীকে সামনে আনার পরামর্শ দিয়েছিলেন। যেটা বুঝতে সোনিয়ার ভুল হয়েছিল। ১৯৮৪ তে যে ভুলটা রাজীব করেছিলেন, ২০১০ নাগাদ সেই ভুলটাই কি সোনিয়াও করলেন!
