অন্তরা চৌধুরি
অনেকদিন ধরেই ইচ্ছে ছিল কোনও এক ইংরেজ সাহেবের বাড়িতে থাকব। ইংরেজদের বাড়ির স্থাপত্য আমার খুব ভালো লাগে। তাছাড়া ইংরেজ সাহেবের বাংলো নিয়ে অনেক গল্প পড়েছি। অনেক সিনেমা দেখেছি। কাজেই মনে মনে একটা রহস্যময় উত্তেজনার চোরাস্রোত বয়ে যেত। সুযোগটা একদিন হঠাৎ করেই এসে গেল। অনলাইনে বুকিং করে ফেললাম মর্গ্যান হাউস। এর আগে কার্সিয়াং দু দুবার ঘুরে এসেছি। কিন্তু নিন্দুকদের কথায় প্ররোচিত হয়ে কালিম্পং যাওয়া আর হয়ে ওঠেনি। তাই এবারের টার্গেট কালিম্পং এর মর্গ্যান হাউস।
ভূতের প্রতি মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষা রয়েছে। ভূতকে ভয় পেলেও ভূতের নেশা ছাড়া যায় না। কারণ মানুষ ভয় পেতেই ভালোবাসে। ইতিপূর্বেই একবার ইউটিউবে মোস্ট হন্টেড প্লেসের একটা ভিডিও দেখেছিলাম। সেখানে মর্গ্যান হাউসও ছিল। রটনা এই যে, এই বাড়িতে যারা অতিথি হিসেবে থাকেন তাদের আতিথেয়তা ঠিকঠাক হচ্ছে কি না সেটা মিসেস মর্গ্যান নাকি স্বয়ং তদারকি করেন। অবশ্যই অশরিরী হিসেবে। অনেকেরই নাকি তাঁকে দেখার সৌভাগ্য হয়েছে। কাজেই সেই বাড়িতে বুকিং যখন পেয়ে গেলাম তখন থেকে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। ভয় এবং স্বপ্ন পূরণের উত্তেজনা। অবশেষে সেই দিন এল।
শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতেই এলাম। কালিম্পং এ ঢোকার মুখেই বীভৎস জ্যাম। শহরটা যথেষ্ট ঘিঞ্জি। সেখানে নেমে একটা ফাঁকা দোকান দেখে একটা মোমো ব্রেক নেওয়ার পর নিজস্ব একটা গাড়ি ভাড়া করে রওনা দিলাম মর্গ্যান হাউসের উদ্দেশ্যে। তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে। পাহাড়ের পাকদণ্ডী পেরিয়ে মর্গ্যান হাউস পৌঁছতে আমাদের মিনিট দশেক লাগল। গাড়ি থেকে নেমেই মর্গ্যান হাউস দেখে অভিভূত হয়ে গেলাম। পথশ্রমের ক্লান্তি আর ভিড়ের বিরক্তি একলহমায় মুছে গেল। বাড়িটি তৈরি হয়েছিল ১৯৩০ সালে। মিঃ জর্জ মর্গ্যান ছিলেন একজন জুট ব্যাবসায়ী। মিঃ ও মিসেস মর্গ্যান এর বিয়ে উপলক্ষ্যে বাড়িটি তৈরি হয়। কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। তবে বাড়িটিকে একঝলক দেখে ভুতুড়ে বাড়ি বলেই মনে হবে। কারণ ভূতুড়ে বাড়ির সমস্ত রকম চিহ্ন এই বাড়িটির সর্বাঙ্গে বিদ্যমান। কোনওরকম আধুনিকতার প্রলেপ পড়েনি। ধূসর রঙ্গের অনুজ্জ্বল একটা বাংলো। দেওয়ালের গায়ে ঝুরি নেমে তার প্রাচীনত্বকে আরও গৌরব দান করেছে। সাবেকিয়ানার একটা আলাদা মাধুর্য আছে।
আগে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকত। কিন্তু রাজ্য সরকার বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে বেশ ভালোরকম টুরিস্ট সমাগম হয়। এটি একটি হেরিটেজ বাংলো। ছ’মাস আগে থেকে বুকিং না করলে পাওয়াই যায় না। তবে মিসেস মর্গ্যান আমাদের প্রতি সদয় ছিলেন বলেই হয়ত আমরা তাড়াতাড়ি বুকিং পেয়ে গিয়েছিলাম। বাড়ির চারপাশে বেশ সুদৃশ্য বাগান। অনেকখানি জায়গা জুড়ে ফাঁকা লন। দূর থেকে বাড়িটা দেখে মনে হচ্ছিল কত ইতিহাসের নীরব সাক্ষ্মী হয়ে এই বাড়ি দাঁড়িয়ে আছে। কত ইংরেজ সাহেব মুখে ম্যানিলা চুরুট নিয়ে একদিন এই বাড়িতে বসবাস করেছেন। কেমন ছিলেন তাঁরা। এসব এলোমেলো ভাবনা ভাবতে ভাবতেই বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। বাইরেটা যতটা প্রাচীন ভেতরটা ঠিক ততটাই আধুনিক। ভেতরটা পুরোটাই কাঠের তৈরি। চারিদিকে ইংরেজ স্থাপত্যের ছাপ সুস্পষ্ট। আমাদের রুম ছিল ওপরে। সেই রুমের বর্ণনা দেওয়া এককথায় অসম্ভব। কি নেই সেখানে! প্রতিটি জিনিস যেন পরম মমতায় গুছিয়ে রাখা। দুধ সাদা বিছানা, পড়ার টেবিল, লেখার টেবিল, ডাইনিং টেবিল, কাবার্ড, ফায়ার প্লেস, টিভি, মিনারেল ওয়াটার প্রায় সব ব্যবস্থাই রয়েছে। মাটিতে পাতা পুরু কার্পেট। নতুন দুজোড়া স্লিপার, টয়লেট কিট, টাওয়েল সেসবও রয়েছে। এমন ফুটবল ময়দানের মতো, লাক্সারি বাথরুমে জীবনেও স্নান করিনি। সব আয়োজন দেখে মনে হল আমি এক রাতের জন্য রাজা। নিজেদের অগোছালো প্রবৃত্তি নিয়ে সেখানকার কোনওকিছুতে হাত দিতে কেমন যেন মনে হয়।
আমাদের পৌঁছতেই দুপুর হয়ে গিয়েছিল। খাবার অর্ডার আগেই দিয়ে দিয়েছিলেম। তাই স্নান সেরে ঝটপট খেতে চলে এলাম নীচের ডাইনিং রুমে। সে এক এলাহি আয়োজন। খাবার টেবিল সাজানোও হয়েছে বেশ সাহেবি কেতায়। এক দিনের জন্য রাজা হওয়ার সে কী আনন্দ! কিন্তু সবকিছুর মাঝে একটা জিনিস লক্ষ্য করলাম গোটা বাড়িটাই বেশ ফাঁকা। গুটি কয়েক কর্মচারি ছাড়া টুরিস্ট বলতে একমাত্র আমরা। অথচ বুকিং এর সময় দেখেছিলাম একটি মাত্র ঘরই খালি আছে। বাকি সবই বুক। ব্যাপারটা যে ঠিক কী সেটা বোধগম্য হলো না।
আমাদের যেহেতু বুকিং ছিল মাত্র একদিনের জন্য তাই ঠিক করেছিলাম দুপুরে ঘুমোব না। দিনের আলো থাকতে থাকতে চারপাশটা যতটা সম্ভব প্রাণ ভরে দেখে নেব। খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়লাম। ঠাণ্ডাটা ছিল বেশ মনোরম। বেড়ানোর পক্ষে আদর্শ। মর্গ্যান হাউসের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে সোজা মিলিটারি ক্যান্টনমেন্টের দিকে। মর্গ্যান হাউসের উল্টোদিকেই রয়েছে মিলিটারিদের খেলার জন্য বিরাট গলফ্কোর্স। সেখানে সাধারণের প্রবেশ অধিকার নেই। সেই গলফ্কোর্স লাগোয়া একটি মিলিটারি পরিচালিত একটি সুসজ্জিত ক্যান্টিন রয়েছে। পাহাড়ের কোলে গলফ্কোর্সের মনোরম দৃশ্য দেখতে দেখতে কন্কনে হিমালয়ান বাতাসের সঙ্গে স্ন্যাক্স সহযোগে ধূমায়িত কফি বা সুপ মন্দ লাগে না। সেসব খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। গোটা এরিয়াটা মিলিটারি ক্যান্টনমেন্ট হওয়ায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। সাধারণ লোকের বসবাস এই এলাকায় নেই। দূরে একটা ভিউ পয়েন্ট ও মনেস্ট্রি আছে। ভিউ পয়েন্টটা অনেকটা দূরে হওয়ায় মনেস্ট্রি যাব ঠিক করলাম। এখানে যে কোনও জায়গায় যেতে হলে পায়ে হেঁটেই যেতে হবে। অন্য কোনও যানবাহনের ব্যাবস্থা নেই। কিছুদূর হাঁটার পরেই একটা চৌমাথা পেলাম। সেখানে প্রচুর সশস্ত্র মিলিটারি পাহারা দিচ্ছে। পুরোটাই রেস্ট্রিকটেড এরিয়া। একটা মাত্র রাস্তা সর্বসাধারণের জন্য খোলা আছে। আমরা সেই রাস্তা দিয়েই এগিয়ে চললাম। সামনেই কেন্দ্রীয় বিদ্যালয়। বেলা তখন পড়ে এসেছে। স্কুল ছুটি হওয়ায় কচিকাঁচাদের কলরব ঐ পাহাড়ী নিঃস্তব্ধতাকে ভেঙ্গে খানখান করে দিতে থাকে। বেশ অনেকটা রাস্তা চলার পর ডুরপিন মনেস্ট্রিতে এসে পৌঁছলাম। সেখানে তখন সান্ধ্যকালীন স্তোত্রপাঠ শুরু হয়েছে। সেসব দেখে সামনের একটা দোকানে চা টোস্ট মোমো খেয়ে ফিরে এলাম। সন্ধ্যে হয়ে এলেও গাঢ় কালো অন্ধকার তখনও চারপাশটাকে গ্রাস করে ফেলেনি। তাই মর্গ্যান হাউসের কাছাকাছি পৌঁছলেও বাড়িটায় ঢুকতে আর ইচ্ছে করছিল না। দিনের ঝকঝকে আলোয় যে বাড়িটাকে বেশ রোমান্টিক মনে হয়েছিল এখন সেই বাড়িটাকে সত্যিই ভুতপুরি লাগছে। একটু কোলাহলের সান্নিধ্য পাওয়ার জন্য রাস্তা ধরে আবার হাঁটতে শুরু করেছি। ইতিমধ্যেই মর্গ্যান হাউস থেকে ফোন। ‘ম্যাডাম জলদি আ যাইয়ে। রাত কি খানা কো অর্ডার নেহি দিয়ে। খানা পাকানেকি বাদ হামলোগোকো তো ঘর যানা হোগা।’ আমরা আসছি বলেই দ্রুত এগোতে লাগলাম। ঘড়িতে মাত্র সাড়ে ছ’টা বাজে। এখন থেকে ডিনার দিয়ে ওরা চলে যাবে! আমার তো বেশ ভয় লাগতে শুরু করেছে। কিন্তু মুখে সেকথা প্রকাশ না করে এগিয়ে গেলাম।
বাড়িটাতে ঢোকার মুখ পা যেন আটকে আসছিল। কেমন একটা অজানা ভয় আর দমবন্ধ করা পরিবেশ গ্রাস করতে শুরু করেছে। বাড়ির লাইটগুলোও কেমন যেন অনুজ্জ্বল ফ্যাকাশে। আশে পাশে কোনও ঘর বাড়ি নেই। মিলিটারি ক্যান্টিনটাও বিকেল পাঁচটায় বন্ধ হয়ে গেছে। আমি ভেতরে ঢুকে আগেই জিজ্ঞাসা করলাম ‘আপলোগ কোই নেহি রহোগে রাতমে?’ ওরা সবাই উত্তর দিল, ‘না’। কেবল বলল একজন কেয়ার টেকার থাকবে। আমি কেয়ার টেকারের ঘরটা দেখে নিলাম, কিন্তু কোথাও তার দেখা পেলাম না।
যাইহোক রুমে ফিরে ফ্রেশ হয়ে টিভি দেখতে বসলাম। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত ছিলাম। তাই তুলতুলে নরম বিছানায় শুতেই অনেকটা ভেতরের দিকে ঢুকে গেলাম। অদন্ত করে দেখলাম গদির তলায় দেখলাম স্প্রিং লাগানো রয়েছে। বুঝলাম এই খাটগুলোও ইংরেজ আমলের। কারণ তোষকের তলায় স্প্রিং লাগানো এক ইংরেজ সাহেবের খাট দেখেছিলাম চন্দননগরের মিউজিয়ামে। ঘড়িতে তখন সবে সাতটা। এখনও সারা রাত বাকি। যদিও পাহাড়ের লোকজন রাত আটটার মধ্যেই ঘুমিয়ে পড়ে। শুয়ে শুয়ে ভাবছিলাম কতদিনের স্বপ্ন পূরণ হল। কতদিন থেকে ইচ্ছে ছিল ইংরেজদের বাড়িতে থাকব। কেন জানি না। ইংরেজরা আমাদের দেশে কিরকম ভাবে থাকত সেটা দেখার বড় ইচ্ছে হত। ইচ্ছে হত তাদের জীবন যাপনকে যদি সামনে থেকে একবার দেখতে পারতাম। এসব ভাবতে ভাবতে চোখের পাতা জুরিয়ে এসেছে, এমন সময় দরজায় কলিং বেল। ওয়েটার ডিনার নিয়ে হাজির। রাতে চাওমিন আর চিলিচিকেন অর্ডার দিয়েছিলাম। সেগুলো একটু রাত করে খাব বলে রেখে দিলাম। তাড়তাড়ি খেলে আমার আবার মাঝ রাতে ক্ষিদে পায় কি না!
টাইম কিল করার জন্য কর্তা প্রস্তাব দিল, এইসময় মর্গ্যান হাউসের ভেতরটা ঘুরে দেখলে কেমন হয়। যদিও ভয়ের চোটে আমার হাত পা ঠাণ্ডা হয়ে গেছে। কেন ভয় বলতে পারব না। তবুও একটা কেমন গা ছমছম করছিল। শুনেছিলাম মিঃ মর্গ্যান নাকি মিসেস মর্গ্যানকে খুব অত্যাচার করতেন। করিডোর ধরে হাঁটতে হাঁটতে ভাবছিলাম এই বুঝি মিসেস মর্গ্যানের সঙ্গে দেখা হয়ে গেল। মনে মনে তাকে দেখার যে একটা সুপ্ত ইচ্ছে ছিল না তা নয়। জানালা দিয়ে বাইরেটা তাকিয়ে দেখি চারপাশটা একেবারে শুনশান। কোথাও কোনও সাড়াশব্দ নেই। এমনকি কোনও কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। মনে হচ্ছে গোটা বাড়িটায় আমরাই একমাত্র জীবন্ত। গোটা পৃথিবীটা যেন ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর আবার রুমে ফিরে এলাম। রাতের খাওয়া কমপ্লিট করে রাত ন’টা নাগাদ আমরা শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের ঘুম ভেঙ্গে গেল। অথচ ঘুম ভাঙ্গার তেমন কোনও কারণও ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবে রাত বারটা। মাঝ রাত্রি। ভোর হতে এখনও অনেক দেরি। আসলে ভয় এমন একটা জিনিস একবার তা মনে গেঁথে গেলে তা মন থেকে বের করা খুব শক্ত। যদিও বিবেকানন্দ বলেছিলেন না দেখে কোনও কিছু বিশ্বাস করতে নেই। জীবনে কোনওদিন ভুত দেখিনি। কিন্তু ছোট থেকে ভূতের ভয়টা অস্থি মজ্জায় ঢুকে গিয়েছিল। রাতে অনেকবার উঠলাম। জল খেলাম। কর্তাকে তো প্রায় ঘুমোতেই দিইনি। যতটুকু সময় শুয়েছিলাম লেপের ভেতরমুখ ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে ছিলাম। দেখলেই তো ভয়। না দেখলে কোনও ভয় নেই। আধো ঘুম আধো জাগার মধ্যে দিয়ে সে রাত অনেক কষ্টে ভোর হল।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে কী আনন্দ। একরাশ নরম আলোয় চারপাশটা ভরে গেছে। কোথাও কোনও ভূতের ছিটেফোটাও নেই। আসলে আমাদের ভয় অন্ধকারকে, আমাদের ভয় নির্জনতাকে। আমরা তাড়াতাড়ি ফ্রেশ গায়ে গরম পোষাক জড়িয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় তখন মিলিটারি ও তাদের ফ্যামিলিরা মর্নিং ওয়াকে বেরিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরের ভিউপয়েন্টে চলে গেলাম। সেই জায়গাটা এক কথায় অসাধারণ। প্রচুর পরিমাণে ছবি তুলে আবার মর্গ্যান হাউসে ফিরে এলাম। গতরাতের চলে যাওয়া কর্মচারীরা তখন ফিরে এসেছে। মিঠে রোদ্দুরে পিঠ ঠেকিয়ে ব্রেকফাস্টটা লনেই সেরে নিলাম। চেক আউট টাইম এগারটায়। তার আগে মর্গ্যান হাউসের সুদৃশ্য বাগান ঘুরে দেখতে লাগলাম। মূল বিল্ডিং এর পাশাপাশি পরবর্তীকালে তৈরি হয়েছে অ্যানেক্স বিল্ডিং। অনেকখানি জায়গার মধ্যে এক একটা কটেজ। যাইহোক সেসব ঘোরাঘুরি করে স্নান সেরে মর্গ্যান হাউসকে বিদায় জানিয়ে পরবর্তী গন্তব্যের জন্য আমরা বেরিয়ে পড়েছি। সত্যি বলতে কী আমাদের আসতে ইচ্ছে করছিল না। ভাবছিলাম আরও একদিন যদি থাকতে পারতাম! গাড়িতে আসতে আসতে একথা সেকথার পর ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম মর্গ্যান হাউসকে লোকে হন্টেড হাউস বলে কেন। সে বলল যে অনেক গেস্ট নাকি রাত্রিবেলায় এত ভয় পেয়ে গিয়েছিল যে সেই রাতেই সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও সিফট্ হয়ে যায়। অনেকে আবার মূল মর্গ্যান হাউস থেকে অ্যানেক্স বিল্ডিং এর দিকে যাবার যে ঘন গাছপালা ঘেরা রাস্তা সেই রাস্তা ধরে কাউকে হেঁটে যেতে দেখেছে। এসব শুনে তো ওই ঠাণ্ডার মধ্যেও আমি ঘামতে শুরু করেছি। কী বাঁচান বেঁচে গেছি। আবার ভাবছিলাম কি না আরও একদিন থাকব!
