সঞ্জয় শীল
প্রধানমন্ত্রী হওয়ার সমস্তরকম যোগ্যতাই তাঁর ছিল। রাষ্ট্রপতিও হতেই পারতেন। কিন্তু উপ প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা হয়েই দৌড় থেমে গিয়েছে লালকৃষ্ণ আদবানির। ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেলের পর লৌহমানব উপমাটা তাঁর জন্যই ব্যবহার হত। কিন্তু দিনের শেষে তিনি যেন কিছুটা ট্র্যাজিক হিরো।
জনসঙ্ঘ থেকে বিজেপি। ২ থেকে তিনশোর ওপর আসন। টানা তিনবার দেশের শাসনক্ষমতায় বিজেপি। কিন্তু এর পিছনে যদি কেউ ভিত তৈরি করে থাকেন, তিনি অবশ্যই আদবানি। আজ তিনি একশোর দোরগোড়ায়। বয়সের কারণে স্বাভাবিকভাবেই মূলস্রোত থেকে অনেক দূরে। তবু লালকৃষ্ণ আদবানি নামটা থেকে যাবে মূল্যবোধের রাজনীতির এক প্রতীক হিসেবে।
জনসঙ্ঘের সময় থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু। তারপর বিজেপির জন্ম, দলের সংগঠন গড়ে তোলা, দেশজুড়ে দলকে ছড়িয়ে দেওয়া—প্রতিটি পর্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। দীর্ঘ সংসদীয় জীবন। নানা উত্থান-পতন। আদবানির রাজনীতির সঙ্গে অনেকেরই মতের মিল নাও থাকতে পারে। তাঁর কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কও রয়েছে। কিন্তু বিজেপিকে আজকের জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই। শুধু দল গড়ে তোলা নয়, একের পর এক নতুন নেতাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানি—ভারতীয় রাজনীতির অন্যতম সেরা জুটি। দুজনের স্বভাব, রাজনৈতিক চিন্তাভাবনা এবং কাজের ধরন ছিল আলাদা। বাজপেয়ী ছিলেন অনেক বেশি উদার ও নরমপন্থী। আদবানি ছিলেন তুলনায় কঠোর, মতাদর্শের প্রশ্নে অনেক বেশি অনড়। একজনের শক্তি ছিল অসাধারণ বক্তৃতা, অন্যজনের শক্তি সংগঠন তৈরি করা। কিন্তু এই দুই বিপরীত চরিত্রের মানুষের মধ্যে ছিল অসাধারণ বোঝাপড়া।
রাজনীতিতে এমন সম্পর্ক খুব বেশি দেখা যায় না। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বাজপেয়ীকে সামনে রেখে কাজ করেছেন আদবানি। আবার বাজপেয়ীও কখনও আদবানির গুরুত্ব অস্বীকার করেননি। দুজনের মধ্যে মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধায় কখনও ঘাটতি হয়নি। আজকের রাজনীতিতে যেখানে সামান্য মতের অমিলেই নেতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, সেখানে বাজপেয়ী–আদবানি জুটি সত্যিই এক ব্যতিক্রমী উদাহরণ।
আদবানির হাত ধরেই বিজেপিতে উঠে এসেছিল এক নতুন প্রজন্ম। প্রমোদ মহাজন, সুষমা স্বরাজ, অরুণ জেটলির মতো নেতারা দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন। রাজনাথ সিংয়ের মতো নেতারাও দলের সংগঠনের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এমনকী আজ যিনি দেশের প্রধানমন্ত্রী, সেই নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্থানের পিছনেও আদবানির ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। গুজরাটের রাজনীতি থেকে জাতীয় স্তরে মোদির পরিচিতি তৈরি হওয়ার সময় আদবানি ছিলেন তাঁর অন্যতম রাজনৈতিক অভিভাবক।
১৯৯৬ সালে হাওলায় তাঁর নাম উঠতেই লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, অভিযোগ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সংসদে ফিরবেন না। পরে আদালতের রায়ে অভিযোগমুক্ত হয়ে ফিরে আসেন।
এত ভুরি ভুরি অভিযোগের পরেও যেখানে নেতারা পদ আঁকড়ে থাকেন, সেখানে নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই সংসদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আদবানি। তাঁর বিশ্বাস ছিল, আগে নিজের নামের পাশে থাকা অভিযোগের জবাব দিতে হবে, তারপর আবার সংসদে ফেরা। রাজনীতিতে এই ধরনের মানসিকতা একেবারেই বিরল।
আজকের সংসদীয় রাজনীতির দিকে তাকালে আরও বেশি করে মনে পড়ে আদবানির মতো নেতাদের কথা। সংসদে আলোচনা কমছে, হইচই বাড়ছে। দলবদল, সরকার ভাঙানো, ক্ষমতার জন্য নানা সমীকরণ বদল—এসব এখন প্রায় নিয়মিত ঘটনা। রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে অনেক সময় নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বিপক্ষের প্রতি ন্যূনতম সৌজন্যটুকুও যেন হারিয়ে যাচ্ছে।
অথচ, আদবানিকে কখনই এই রাস্তায় হাঁটতে দেখা যায়নি। যখন বিরোধী ছিলেন, তখন সরকারের সমালোচনা করতেন। কিন্তু শালীনতায় কোনও কার্পণ্য ছিল না। অবার যখন সরকারে, তখন জানতেন, সরকারের দায়িত্বটা কী। নিজের অক্ষমতার দায় বিরোধীদের ওপর চাপিয়ে দেননি। কথায় কথায় নেহরুর নাম টেনে আনেননি।
মতের অমিল থাকবে, লড়াই থাকবে, বিরোধিতা থাকবে। কিন্তু তার মধ্যেও কিছু মূল্যবোধ থাকা দরকার। সংসদীয় রীতিনীতি মেনে চলা, প্রতিপক্ষকে সম্মান করা, নিজের সিদ্ধান্তের দায় নেওয়া—এসবও রাজনীতিরই অংশ।
আদবানি সেই অন্য সময়ের প্রতিনিধি। তাঁর সব রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করতে হবে, এমন কোনও কথা নেই। কিন্তু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগঠন গড়ে তোলার ক্ষমতা, সংসদীয় অভিজ্ঞতা এবং কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সততার দৃষ্টান্ত অবশ্যই সম্মানের দাবি রাখে। এক দশকেরও বেশি সময় সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে। এমনকী যে রামমন্দির আন্দোলন তিনি সূচনা করেছিলেন, সেই রাম মন্দির উদ্বোধনের সময় তাঁর ডাক পড়ে না। কিন্তু বিজেপির ইতিহাসে, ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর নাম থেকে যাবে।
রাজনীতিতে কে কতটা ক্ষমতা পেলেন, সেটাই শেষ কথা নয়। কে কতটা প্রভাব ফেললেন, কতজন নেতাকে তৈরি করলেন, নিজের কাজের মাধ্যমে কতটা ছাপ রেখে গেলেন, সেটাও বড় কথা।
শতবর্ষে এসে দাঁড়ানো এই প্রবীণ সময়ের নিয়মেই একদিন বিদায় নেবেন। কিন্তু ভারতের রাজনীতিতে তাঁর অমরত্বের আসন পাতা।
