ফের ডার্বি জয় মোহনবাগানের

বেঙ্গল টাইমস প্রতিবেদন
আহত বাঘের সঙ্গে তুলনা হয় পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলের। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই লাল হলুদ বাহিনি এতটা গুটিয়ে যাবে, ভাবাও যায়নি। মোহনবাগান এগিয়ে আছে। তারা সময় নষ্ট করতে চাইবে, সেটা স্বাভাবিক। কিন্তু দেখা গেল, ইস্টবেঙ্গল যেন বেশি ঝিমিয়ে পড়েছে। গা ঝাড়া দিয়ে জেগে ওঠার কোনও চেষ্টাই দেখা গেল না। ফলে, আই লিগের দ্বিতীয় ডার্বিতেও অনায়াসেই জয় পেল মোহনবাগান।

derby4
সারা ম্যাচে দুটি গোল। দুটিই প্রথমার্ধে। দুটি গোলই করলেন ডিপান্ডা ডিকা। ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় সবুজ মেরুন। তারপর সমতা ফেরানোর জন্য কিছুটা লড়াই করতে দেখা গেল লাল হলুদকেও। কিন্তু ডিকার দ্বিতীয় গোলের পর যেন ছন্দটাই হারিয়ে ফেললেন ডুডু–‌প্লাজার দল। ডুডুকে ঘিরে স্বপ্ন দেখেছিল লাল হলুদ জনতা। কিন্তু তিনি নিজের ছায়ামাত্র। সারাক্ষণ দিকভ্রান্তের মতো ছুটে গেলেন। বোঝাপড়া গড়েই ওঠেনি। মাঝমাঠজুড়েই এই ছন্নছাড়া অবস্থা। দুটো উইংকে যখনই সচল করার চেষ্টা হয়েছে, মুহূর্তেই মিস পাসে খেই হারিয়েছে।
সঞ্জয় সেন দায়িত্ব ছাড়ার পর কড়া চ্যালেঞ্জের মুখেই পড়েছিলেন শঙ্করলাল চক্রবর্তী। তার ওপর দুদিন আগে জানা যায়, সোনি নর্ডি এই মরশুমে আর খেলতে পারবেন না। লিগ টেবিলেও কিছুটা পিছিয়ে ছিলেন। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে কোচিং করিয়ে গেলেন শঙ্করলাল। বড় ম্যাচে অনেক নতুন নায়ক দেখা যায়। সেই নায়ক হয়ে উঠলেন ডিকা। অনেক কোচের নবজন্মও হয়। হ্যাঁ, কোচ হিসেবে শঙ্করলালের যেন নবজন্ম হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *