বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সাউথ ইস্টার্ন রেলের যাত্রীরা জানেন, হাওড়া ঢোকার আগে তাঁদের কতক্ষণ দাঁড়াতে হয়। সাঁতরাগাছি পর্যন্ত ট্রেন ঠিকঠাক আসে। কিন্তু তারপরই শুরু হয় ধৈর্যের পরীক্ষা। কখনও টিকিয়াপাড়ার পর, কখনও দাশনগরের পর দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। শোনা যায়, প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না।
আসলে, টিকিয়াপাড়া থেকে হাওড়ার পথে মাত্র তিনটি লাইন। সেখান দিয়েই এত এত ট্রেন ঢুকছে, বেরোচ্ছে। দুটি লাইন যদি ট্রেন ঢোকার জন্য রাখতে হয়, তাহলে বেরোনোর জন্য পড়ে থাকছে মাত্র একটি লাইন। এটাও দেরি হওয়ার একটা কারণ।
রেল সূত্রে জানা গেছে, রোজ এই রুটে ১৯০ টি লোকাল ও ১০০ টি এক্সপ্রেস ট্রেন আসা-যাওয়া করে। যাত্রীর সংখ্যা অন্তত পাঁচ লাখ। এই সমস্যার কথা ভেবেই তিনটির বদলে চারটি লাইন পাতা হচ্ছে। প্ল্যাটফর্মও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে স্টেশন ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ার এই দুর্ভোগ থেকে কিছুটা সুরাহা মিলতেও পারে।

