বুদ্ধদেবঃ যাত্রাপালা বন্ধ করো, বিদায় নাও

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সিঙ্গুরের মঞ্চে দাঁড়িয়েই একসময় নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। এবার সেই সিঙ্গুরের মঞ্চ থেকেই ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বুদ্ধেদেব ভট্টাচার্য।
সিঙ্গুর থেকে পদযাত্রা শুরু হয়ে তা যাবে শালবনীর দিকে। সেই পদযাত্রার সূচনা করতেই সিঙ্গুরে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফের স্লোগান দিলেন শিল্পায়নের।
বর্তমান সরকারকে আক্রমণ করে তাঁর বক্তব্য, এই সরকার আসার পর থেকে কোনও বড় কারখানা আসেনি। একটার পর একটা কারখানা, চা-বাগান বন্ধ হয়ে যাচ্ছে। আর সরকার একের পর এক মেলা আর উৎসব করছে। মুখ্যমন্ত্রী বলছেন, মুড়ি ভাজো, তেলেভাজার দোকান করো।’

buddhadeb bhattacharya3
বেশ চড়া সুরেই বুদ্ধবাবু বলেন, ‘যাত্রাপালা বন্ধ করো। এবার বিদায় নাও। অনেক হয়েছে। এই দূরবস্থা আর চলে পারে না।’ তাঁরা ক্ষমতায় এলেও শিল্পায়নের পথেই হাঁটবেন, তাও স্পষ্ট করে দিলেন, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সবার থেকে ভাল চাষ আমরাই করেছি। আবার করব। শুধু কৃষি দিয়ে বাংলাকে বাঁচানো যাবে না। হাজার হাজার ছেলে মেয়ে কাজ চায়। তাদের কাজ দিতে হবে। একের পর এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে ছেলেরা চাকরি পাচ্ছে না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি, কোন পথে চলতে হবে। আমরা সেই পথেই চলব।’
কিছুটা আক্ষেপও উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়, ‘এই সিঙ্গুরে কী হতে পারত। কারখানা হলে সিঙ্গুরের চেহারাই পাল্টে যেত। আমরাই তো করেছিলাম। আবার আমরা সেই পথেই হাঁটব। আমরা কৃষিও চাই, শিল্পও চাই।’

Previous post কার মিলন চাও বিরহী
Next post ওড়িশাতেও একটা কাশ্মীর আছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *