বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ বরফ গলা শুরু হয়েছিল দিল্লি থেকেই। নতুন বছরে মূলস্রোতের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন মুকুল রায়। নদীয়া জেলায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে দেখা গেল রাজ্যসভার এই সাংসদকে।
দীর্ঘ প্রায় এক বছর দলের কর্মসূচিতে সেভাবে সামিল হতে দেখা যায়নি একসময়ের নম্বর টু-কে। দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে দলনেত্রীর সঙ্গে প্রাথমিক সৌজন্য বিনিময়। সেই রাতেই নৈশভোজ।

তৃণমূল সাংসদদের সঙ্গে দল বেঁধে দিল্লিতে নাজমা হেফতুল্লার সঙ্গে দেখাও করেছিলেন। দিল্লিতে সেই কর্মসূচিতে সামিল হলেও রাজ্যে কোনও কর্মসূচিতে সরাসরি এতদিন দেখা যায়নি মুকুলকে। শুক্রবার তিনি গিয়েছিলেন নদীয়া জেলায়, দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। সেখানে বলেন, তৃণমূলকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। ২০১৬, ২০১৯ এই দুটো নির্বাচনকেই চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু এখন সেসব মনে রাখার সময় নয়। সব ভুলে সবাইকে একসঙ্গে নামতে হবে।
সকালের এই অনুষ্ঠানের পর বিকেলে তিনি কী করেন, সেদিকে অনেকেরই কৌতূহল রয়েছে। একটি সূত্রের দাবি, বিকেলে তিনি তৃণমূল ভবনে যেতে পারেন। আবার অনেকের অনুমান, সরাসরি নেত্রীর বাড়িতেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে দলের মূলস্রোতে তাঁর ফিরে আসার বৃত্তটি সম্পূর্ণ চেহারা পাবে।
