কোনদিন হয়ত মাঝরাতেও ক্রিকেট শুরু হবে

অজয় নন্দী

কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দিন পনেরো আগের কথা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ান ডে সিরিজ। শুরু হল ভারতীয় সময় রাত সাড়ে সাতটায়। তারও কয়েকদিন পরে। এবার টি২০ সিরিজ। এবারও খেলা শুরু ভারতীয় সময় সাড়ে সাতটায়।

কথা ছিল, টি২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। পরের দুটি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমেরিকার সময়ের ব্যবধান অনেকটাই। কী আশ্চর্য, এবারও ম্যাচ শুরু সেই ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়।

ওই সফরের পর্ব সেরে ভারত এবার আয়ারল্যান্ড সফরে। যদিও এই দলে একঝাঁক নতুন ক্রিকেটার। আয়ারল্যান্ডের মাটিতে তিনটে টি২০ ম্যাচ হওয়ার কথা। আয়ারল্যান্ড মানে, ইউরোপ। আরও ভাল করে বললে, ইংল্যান্ডের প্রতিবেশী। সময়ের ব্যবধান অনেকটাই। কী আশ্চর্য, এবারও দেখলাম, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভারতীয় ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাইছেন। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ হোক বা আমেরিকা, খেলা শুরু সেই সাড়ে সাতটায়। আবার ইউরোপে এলেও রেহাই নেই। সেখানেও তাদের খেলতে নামতে হবে তখনই, ভারতে যখন সন্ধে সাড়ে সাতটা বাজবে।

তার মানে, যে দেশে খেলা হচ্ছে, সেই দেশের ঘড়িতে কটা বাজছে, তার কোনও মূল্য নেই। সেই দেশের দর্শকদের কখন সুবিধা–‌অসুবিধা, তার কোনও মূল্য নেই। ভারতে কখন সন্ধে সাড়ে সাতটা বাজবে, সেটাই হল আসল কথা। ক্রিকেট বিশ্বের ওপর ভারতের দাদাগিরি কোন স্তরে গেছে, এটাই তার সবথেকে বড় প্রমাণ।

আমাদের দেশে যখন দিনরাতের ম্যাচ হয়, তখন একদিনের ম্যাচ আর টি২০ কখন শুরু হয়!‌ একদিনের ম্যাচ সাধারণত দুপুর দেড়টা–‌দুটো নাগাদ শুরু হয়। যেন দশটার মধ্যে হয়ে যায়। আর টি২০ শুরু হয় সাতটা–‌সাড়ে সাতটা নাগাদ। এক্ষেত্রেও লক্ষ্য থাকে দশটা–‌সাড়ে দশটার মধ্যে খেলা শেষ করে দেওয়ার। যেন দর্শকদের বাড়ি ফিরতে তেমন সমস্যা না হয়। কিন্তু অন্য দেশে আয়োজকদের সেই স্বাধীনতা নেই। তাঁদের নামতে হবে তখন, যখন ভারতে সাড়ে সাতটা বাজবে। তাতে সেই দেশে সকাল হতে পারে, দুপুর হতে পারে, বিকেল হতে পারে।

কোনদিন হয়ত দেখা যাবে, নিউজিল্যান্ডে যখন খেলা শুরু হচ্ছে, তখন হয়ত ভারতে সাড়ে সাতটা বাজছে। আচ্ছা, ভারতে যখন সন্ধে সাড়ে সাতটা, তখন নিউজিল্যান্ডের সময় কত?‌ মোটামুটি রাত আড়াইটে। কী জানি, ভারতের কোম্পানিগুলো কোনদিন হয়ত আবদার করে বসবে, নিউজিল্যান্ডকে রাত আড়াইটেতেই মাঠে নামতে হবে। দর্শকরা এল না এল না, তাতে কী যায় আসে, ভারতের কোটি কোটি মানুষ টিভিতে দেখতে পারবেন, এটাই আসল কথা। যেহেতু ভারতের টাকার জোর আছে, যেহেতু ভারতীয় বোর্ডই বকলমে আইসিসি–‌কে চালায়, তাই ভারতীয় বোর্ডের অন্যায় আবদার সব দেশকেই কম–‌বেশি মেনে নিতে হয়।

হয়ত দেখা গেল, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নিল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ব্যাটিং পর্ব শেষ হল। এবার ফিল্ডিংয়ে নামতে হবে। তখন হয়ত ক্যামেরায় দেখা গেল দুই দলের ড্রেসিংরুমের ছবি। হয়ত দেখা গেল, দুই দলের ক্রিকেটাররা দ্বিতীয় দফায় মাঠে নামার আগে ব্রাস করছেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সেইদিন হয়ত দূরে নেই।

 

Previous post ছিল বাবার গান, হয়ে গেল কিশোর কুমারের
Next post নতুন দিক খুলে দিল ইস্টবেঙ্গল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *