বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ নেতাজি সংক্রান্ত যাবতীয় নথি ফের প্রকাশ্যে আনার দাবি জানাল নেতাজির পরিবার। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই দাবি জানানো হবে। প্রধানমন্ত্রী আপাতত রয়েছএন ফ্রান্সে। সেখান থেকে আগামীকাল যাবেন জার্মানিতে। সেখানে তাঁর সঙ্গে দেখা করবে একটি প্রতিনিধি দল। সেই দলে থাকবেন অমিয়নাথ বসুর ছেলে সূর্যকুমার বসু। তিনি ব্যবসায়িক কারণে জার্মানিতেই থাকেন। তাঁর সঙ্গে মোদির আলাদা করে কথা হতে পারে।
নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুর কাছ থেকে জানা গেল, সূর্যবাবু কাল মোদির সঙ্গে দেখা করে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে আলোচনা করবেন। নেতাজি সংক্রান্ত বিভিন্ন ফাইল যেন প্রকাশ্যে আনা হয়, সেই দাবি জানাবেন ।
চন্দ্র বসুর নেতৃত্বে আগেও নথি প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছিল। কলকাতায় আর এস এস কর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠকও হয়েছে। গতকাল একটি নথি সামনে আসতেই দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। ১৯৪৮ থেকে ১৯৬৮, এই দুই দশক ধরে নেতাজির পরিবারের গতিবিধির উপর নজর রেখেছিল কেন্দ্রীয় ইন্টিলিজেন্স ব্যুরো।
চন্দ্র বসু বলেন, ‘কংগ্রেস এটা চেপে রাখতে চেয়েছিল, সেটা সবাই জানে। কিন্তু বিজেপি কেন চেপে রাখছে ? তাদের উচিত এই নথি প্রকাশ করা।’ এই দাবি জানাতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে চান চন্দ্র বসু এবং অন্যান্যরা। তাঁদের কথায়, একটা নথি সামনে এসেছে। তাতেই এতকিছু জানা গেল। আরও নথি যদি আসে, তাহলে আরও অনেক কিছু পরিষ্কার হবে। নেতাজিকে ঘিরে মানুষের যা আবেগ, তাদের সামনে সত্যিটা তুলে ধরা দরকার।

