এমন বিদায় কি সামির প্রাপ্য ছিল?‌

অজয় নন্দী

আবার সেই অবসর। আবার সেই ইনস্টাগ্রামে ঘোষণা। না কোনও ফেয়ারওয়েল ম্যাচ। না কোনও প্রেস কনফারেন্স। গত দু’‌বছরে বারবার এমন ঘটনা ঘটছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে হয়ে সাম্প্রতিকতম উদাহরণ মহম্মদ সামি। যাঁদের উদাহরণ দেওয়া হল, এঁরা কেউই ভারতীয় ক্রিকেটে ক্ষণিকের অতিথি নন। কেউ খেলেছেন শতাধিক টেস্ট। কেউ আশির ওপর। প্রত্যেকেই প্রায় দেড় দশক ধরে ভারতের জার্সি গায়ে খেলেছেন। প্রশ্ন হল, এঁদের সঙ্গে বোর্ডের এত দূরত্ব তৈরি হচ্ছে কেন?‌ ন্যূনতম সমন্বয়টুকু থাকছে না কেন?‌ একবুক অভিমান নিয়ে কেন এঁদের সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করতে হচ্ছে?‌

কেউ ফর্মের শিখরে থাকতে থাকতে মাথা উঁচু করে স্বেচ্ছায় বিদায় নেন। কেউ চোটের কারণে ছিটকে যান। সেই চোট সারিয়ে আর ফেরা হয় না। কেউ খারাপ ফর্মের জন্য বাদ যান। একসময় হতাশ হয়ে অবসর নেন। এর কোনওটাই সামির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর ফর্ম ও ধারাবাহিকতা নিয়ে কখনই প্রশ্ন ওঠেনি। যতদিন খেলেছেন, দলের অপরিহার্য বোলার হয়েই খেলেছেন। যশপ্রীত বুমরা ও তাঁর জুটি ভারতীয় বোলিংয়ের অন্যতম সম্পদ। এমন সফল জুটি ভারতীয় পেস বোলিংয়ে আর কটা এসেছে?‌ ফর্মের জন্য তিনি মোটেই বাদ যাননি। চোটের জন্য বাইরে থাকতে হয়েছিল। বেঙ্গালুরুর রিহ্যাব সেন্টারে মাসের পর মাস পড়ে থেকেছেন। চোট সারিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দু’‌বছর ধরে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। উইকেট নিচ্ছেন। লম্বা স্পেলে বোলিং করছেন। কিন্তু তারপরও তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলল না।

তিন বছর আগে দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের কথাই ধরুন। প্রথম চার ম্যাচে তাঁকে দলে রাখাই হয়নি। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের সঙ্গে জোরে বল করতে দেখা যাচ্ছিল হার্দিক পান্ডিয়াকে। আচমকাই চোট পেয়ে বসলেন হার্দিক। কারও সর্বনাশ তো কারও পৌষ মাস। যে সামিকে এতদিন রিজার্ভ বেঞ্চে বসে দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছিল, তিনি দলে ফিরেই পরের সাত ম্যাচে নিলেন ২৪ উইকেট। একটি বিশ্বকাপে এত উইকেট নেওয়ার কৃতিত্ব আর কোনও ভারতীয় বোলারেরই নেই। প্রথম চার ম্যাচে খেলানো হলে উইকেট সংখ্যা কোথায় গিয়ে পৌঁছতো!‌ হয়তো তিরিশ ছাপিয়ে যেত। কিন্তু সবরমতীর তীরে এসেও যেন তরী ডুবল। ফলে, সামিকে ট্র‌্যাজিক হিরো হয়েই থেকে যেতে হল।

তার ঠিক চার বছর আগের কথাই ধরুন। ২০১৯ এ বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডে। সেবারও প্রথমদিকের ম্যাচগুলোতে সামিকে খেলানোই হয়নি। যখন সুযোগ এল, প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, পরের ম্যাচে পাঁচ উইকেট। তৃতীয় ম্যাচে আবার চার উইকেট। অর্থাৎ পরপর তিন ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। কিন্তু রহস্যজনক কারণে সেবার সেমিফাইনালে খেলানোই হয়নি এই জোরে বোলারকে। কিন্ত তাঁকে বাদ দেওয়া হলেও তোলপাড় হয় না, প্রশ্নের ঝড় ওঠে না। তাঁর দুরন্ত সাফল্যের পরেও তাঁকে নিয়ে মাতামাতি হয় না। হয়তো গা সওয়া হয়ে গেছে। দিন কয়েক আগে, কিছুটা অভিমান করেই বলেছিলেন, আগের বিশ্বকাপে আমি ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। এবারও ৭ ম্যাচে নিয়েছি ২৪ উইকেট। একজন জোরে বোলারের কাছ থেকে এক থেকে বেশি আপনারা কী আশা করেন?‌

অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে তাঁর জীবনের ওপর দিয়ে। নিজেকে যতটা সম্ভব, আড়ালেই রাখেন। সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় নন। বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকারই চেষ্টা করেন। বারবার বঞ্চনার শিকার হলেও ক্ষোভ উগরে দিতে বা অন্য কাউকে দোষারোপ করতে দেখা যায় না। জাতীয় দলের আঙিনা থেকে দূরে কাটাতে হয়েছে। আইপিএলেও খেলতে পারেননি। একাকী তাঁর দিন কেটেছে বেঙ্গালুরুর এনসিএ–‌তে। নিঃশব্দে চলেছে ফিরে আসার লড়াই। সারাক্ষণ ছবি সাঁটিয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখার ঝোঁক নেই। ‘‌ফিরে আসছি’‌ এমন বার্তা দেওয়াও নেই। জানতেন, ফিরতে হলে, ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে। নির্বাচকরাও বারবার বললেন, ফিটনেস প্রমাণ করতে হবে। গত দু’‌বছরে সেটাই তো করে গেছেন। বাংলার হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন। কতটা ফিট, কতটা ছন্দে বারবার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও কোনও এক রহস্যজনক কারণে দরজা বন্ধই থেকে গেছে।

আচ্ছা, ভারতীয় ক্রিকেট কি সামির বিকল্প পেয়ে গেছে?‌ সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরের কথাই ধরা যাক। বুমরা, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের টেস্ট সিরিজের কথা ভেবে বিশ্রাম দিতে হচ্ছে। একদিনের সিরিজে সবথেকে অভিজ্ঞ বোলারের নাম কিনা অর্শদীপ সিং!‌ সঙ্গী কারা?‌ আকিব নবি, গুরনুর ব্রার, অংশুল কম্বোজ। চারজন মিলিয়ে কটা টেস্ট খেলেছেন?‌ উত্তর হল, এক। একমাত্র অংশুল কম্বোজ একটি টেস্ট খেলেছেন। বাকি তিনজনের এখনও টেস্ট অভিষেকই হয়নি। আচ্ছা, এই চারজন মিলিয়ে কটি একদিনের ম্যাচ খেলেছেন?‌ অর্শদীপ ২০টি। বাকি তিনজন মিলে সাতটি। অর্থাৎ, চারজন মিলে ২৭টি। এঁরা আগামীদিনে হয়তো পরিণত হবেন। হয়তো আরও অনেক ম্যাচ খেলবেন, জেতাবেন। কিন্তু এঁরা কেউই সামির বিকল্প নন। এখনও অনেকটা পথ তাঁদের হাঁটতে হবে।

আসল কথাটা হল, ভারতীয় বোলিংয়ে কী এমন মহাতারকার আবির্ভাব ঘটল যে সামিকে টানা দু’‌বছর এভাবে বসিয়ে রাখা হল?‌ নির্বাচকদের ক্রমাগত উপেক্ষা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রতিটি ম্যাচে খেলেছেন। বাংলাকে একের পর এক ম্যাচে জিতিয়েছেন। লম্বা স্পেলে টানা ১২ ওভার, ১৫ ওভার করে বল করেছেন। একজন জোরে বোলার আর কী করতে পারেন?‌ কেন একবুক অভিমান নিয়ে সামির মতো বোলারকে এভাবে সরে দাঁড়াতে হল, তার আত্মসমীক্ষা হওয়াটা খুব জরুরি। ভাল পারফর্ম করলে ফিরে আসা যায়, এই স্বপ্নকে সামনে রেখেই একজন ক্রিকেটার নিজেকে উদ্দীপ্ত করেন। কিন্তু নির্বাচকদের আচরণ বুঝিয়ে দিল, একবার তোমাকে ছেঁটে ফেলেছি মানে তোমার দরজা বন্ধ। আর এদিকে ঘুরেও তাকিও না।

এভাবেই অবসর নিতে বাধ্য করা হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পুজারাদের। যদি বিদায় জানাতেই হয়, সেই পথটা কি সম্মানজনক হতে পারে না?‌ কীভাবে সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে বা শচীন তেন্ডুলকারদের বিদায় জানানো হয়েছিল, এখনকার বোর্ডকর্তারা কি সেটা ভুলে গেছেন?‌ গত দশ বছরে অনেক বড় মাপের তারকা এসেছেন। কিন্তু প্রত্যেককেই চমর অপমানিত হয়ে, একবুক যন্ত্রণা নিয়ে সরে দাঁড়াতে হয়েছে। হে মোর দুর্ভাগা দেশ। অর্থের দম্ভে শিষ্টাচার, সৌজন্য সবই হারিয়ে ফেলছেন বোর্ডকর্তারা। বিরাট, রোহিত, সামিরা থেকে যাবেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। কিন্তু এই বোর্ডকর্তারা?‌ ইতিহাসের ফুটনোটেও এঁদের জায়গা হবে না।

‌

Previous post ওয়েব সিরিজ আসলে মেগা সিরিয়ালেরই নতুন সংস্করণ
Next post ধনতেরাস নিয়ে এত আদিখ্যেতা কেন?‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *