সবার উপরে ভারত সত্য, তাহার উপরে নাই

স্বরূপ গোস্বামী

দিনটা ছিল ২ মার্চ। গ্রুপ লিগের শেষ ম্যাচ। ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অন্তত এই গ্রুপ থেকে সেমিফাইনালে কারা খেলবে, তা নিয়ে কোনও সংশয় ছিল না। কারণ, বাংলাদেশ ও পাকিস্তান আগেই বিদায় নিয়েছে। রইল পড়ে ভারত আর নিউজিল্যান্ড। দুটি দেশই ছাড়পত্র পেয়ে গেছে। অর্থাৎ, শেষ ম্যাচ কিছুটা নিয়মরক্ষার। আবার পুরোপুরি নিয়মরক্ষার বলাও যাবে না। কারণ, যারা জিতবে, তারা হবে গ্রুপের একনম্বর দল। তারা খেলবে অন্য গ্রুপের দু’‌নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আবার যারা হারবে, তারা খেলবে অন্য গ্রুপের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

এ আর নতুন কথা কী?‌ এ গ্রুপের এক নম্বর দল খেলে বি গ্রুপের দু’‌নম্বর দলের বিরুদ্ধে। আর এ গ্রুপের দু’‌নম্বর দল খেলে বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে। কিন্তু এক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। অস্ট্রেলিয়া দল ছিল লাহোরে। তাদের উড়িয়ে আনা হল দুবাইয়ে। আবার দক্ষিণ আফ্রিকা ছিল করাচিতে। তাদেরও উড়িয়ে আনা হল দুবাইয়ে। দুই দল তো আর দুবাইয়ে খেলবে না। তাহলে দুই দলকে উড়িয়ে আনার কী মানে হয়?‌ হিসেবটা পরিষ্কার। ভারত যদি জিতে যায়, তাহলে অস্ট্রেলিয়া দুবাইয়ে থেকে যাবে। পরের বিমান ধরে দক্ষিণ আফ্রিকা দল আবার পাকিস্তানে ফিরে আসবে। আবার ভারত যদি হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে যাবে। পাকিস্তানে উড়ে আসবে অস্ট্রেলিয়া। সঙ্গে আসবে নিউজিল্যান্ড।  

ভারত জিতল। অর্থাৎ, দুবাইয়ে থেকে গেল অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের বিমান ধরল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে না হয় পাকিস্তানে উড়ে আসতেই হত। কিন্তু খামোখা দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এমন টানা হ্যাঁচড়া করার কী দরকার?‌ ভারতের ম্যাচের পরের দিন শুধু অস্ট্রেলিয়াকে মরুদেশে উড়িয়ে নিয়ে গেলেই হত। কিন্তু কী আর করা যাবে?‌ ভারতের যা যা আবদার, সব পূরণ করতে হবে। ভারতের খ্যাতিটাই যেন সবার কন্যাদায়।

এই একটি ঘটনা নিছক উদাহরণমাত্র। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই এমন আবদারের ছড়াছড়ি। আর ভারতের আবদার মানে আইসিসি–‌র কাছে শিরোধার্য। ভারতের যাবতীয় ইচ্ছেকে সিলমোহর দেওয়াই যেন আইসিসি–‌র একমাত্র কর্তব্য। আর এখন তো মাথায় জয় শাহ। অর্থাৎ, প্রশ্নও করছেন তিনি, উত্তরও দেবেন তিনি, খাতাও দেখবেন তিনি। এতদিন সরকারিভাবে বোর্ডে থেকে আইসিসি–‌কে চালনা করতেন। এখন ভূমিকাটা একটু বদলেছে। আইসিসি–‌তে থেকে বোর্ডকে চালনা করেন।

২৯ বছর পর কোনও আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান। ভারত যে খেলতে যাবে না, তা একটা বাচ্চা ছেলেও জানে। অথচ, দিনের পর দিন ঝুলিয়ে রাখা হল। বলা হল, সরকারের সম্মতি পেলে তবেই দল পাঠানো যেতে পারে। কী এমন নতুন কথা!‌ এই অজুহাতটাই তো বছরের পর বছর দেওয়া হচ্ছে। সরকার যে অশান্তি আর বিদ্বেষ জিইয়ে রাখতে চায়, এটাও কারও অজানা নয়। স্থিতাবস্থা ফিরিয়ে আনা নয়, বরং অস্থিরতা বজায় রাখলেই লাভ, এই সহজ অঙ্কটা দিল্লি বাহুদুর দিব্যি বোঝে। অমিত শাহ যদি বোঝেন, তাঁর পুত্রেরও না বোঝার কোনও কারণ নেই। অতএব, ঘুরেফিরে এল সেই ‘‌হাইব্রিড মডেল’‌। অর্থাৎ, ভারত খেলবে দুবাইয়ে, বাকি সব দেশ পাকিস্তানে। ভারতের বিরুদ্ধে যাদের খেলা, তাদের দুবাইয়ে এসে খেলে যেতে হবে। ভারত সেমিফাইনালে উঠলে, সেই সেমিফাইনাল হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে, সেই ফাইনালও হবে দুবাইয়ে। অর্থাৎ, সেমিফাইনালে ভারত যদি হেরে যেত, রাতারাতি সেই ফাইনাল উড়ে আসত লাহোরে। মাত্র তিন–‌চার দিনের প্রস্তুতিতে ফাইনাল আয়োজন করা যায়!‌ কোন মাঠে ফাইনাল, তা নিয়েও জুয়া খেলা!‌ কিন্তু কী আর করা যাবে, ভারতের আবদার বলে কথা। আজগুবি হলেও সেটাই মানতে হবে।

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে সব দলের অধিনায়ককে নিয়ে ফটো সেশন হয়। কিন্তু ভারতের অধিনায়ক এক ঘণ্টার জন্যেও পাকিস্তানে উড়ে যাবেন না। কতটা নিরাপত্তা আর কতটা ইগো, বলা মুশকিল। এমনও দাবি তোলা হল, যেহেতু ভারতীয় অধিনায়ক পাকিস্তানে যাবেন না, তাই বাকি সাত দলের অধিনায়ককে দুবাইয়ে উড়িয়ে আনা হোক। সেখানেই হোক ফটো সেশন। পারলে উদ্বোধনও হোক দুবাইয়ে। অর্থাৎ, ভারত খেলতে যাবে না। বাকি সবাইকে উড়ে আসতে হবে দুবাইয়ে। এমন আজগুবি দাবির ফেরে উদ্বোধনটাই করা গেল না। ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসি প্রতিযোগিতা, অথচ শুরুই হল ম্যাড়মেড়েভাবে। খেলোয়াড়রা না হয় গেলেন না। হঠাৎ দেখা গেল, সরে দাঁড়ালেন ভারত থেকে প্যানেলে থাকা একমাত্র আম্পায়ার। সেটাও আবার ফলাও করে ঘোষণা হল ভারতীয় বোর্ডের এক্স হ্যান্ডলে। অর্থাৎ, আম্পায়ার সরে দাঁড়ালেন, এটাও যেন ভারতীয় বোর্ডের বিরাট জয়। আম্পায়ার যখন গুটিয়ে গেলেন, তখন ধারাভাষ্যকাররাই বা যান কীভাবে?‌ তাঁরাও সরে গেলেন।

পাকিস্তানে এত বড় মাপের প্রতিযোগিতা। অথচ স্বয়ং আইসিসি চেয়ারম্যানই একবারের জন্যও সে দেশে গেলেন না!‌ ভারতীয় বোর্ডের না হয় বাধ্যবাধকতা রয়েছে, আইসিসি চেয়ারম্যানের তো সেই বাধ্যবাধকতা নেই। তাঁর যেতে বাধা কোথায় ছিল?‌ আর ভারতীয় বোর্ডের নিয়ম মেনেই যদি চলবেন, তাহলে শ্রীমান জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়ার দরকারই বা কী ছিল?‌ এবার ফাইনাল। এখানেও অলীক কুনাট্যরঙ্গ। আয়োজক পাকিস্তান। অথচ, ফাইনালের পুরস্কার বিতরনী মঞ্চে পাক বোর্ডের প্রতিনিধির জায়গা নেই!‌ পিসিবি চেয়ারম্যান হয়তো আসেননি, কিন্তু পাক বোর্ডের সিইও–‌কে তো রাখা যেত। বিশেষ করে পাক বোর্ড তো সিইও–‌কেই মনোনীত করে পাঠিয়েছিল। কিন্তু তাঁর জায়গা হল না, কারণ জয় শাহ চাননি। আয়োজক পাকিস্তান বোর্ডের প্রতিনিধি নেই, অথচ, ভারতীয় বোর্ড সভাপতি দিব্যি আছেন।

কোনও যুক্তিই মিলবে না। অর্থের দম্ভ আর গাজোয়ারি যখন মুখ্য হয়ে দাঁড়ায়, তখন ক্রিকেটীয় যুক্তি গৌণ হতে বাধ্য। একে টাকার দাপট। তার ওপর আবার চ্যাম্পিয়ন। আর পায় কে?‌ প্রশ্ন তুললেই আপনার জন্য অপেক্ষা করে আছে ‘‌দেশদ্রোহী’‌ তকমা। নির্লজ্জ দাদাগিরি আর দম্ভ হয়ে দাঁড়ায় ‘‌দেশপ্রেম’‌। আর ক্রিকেটীয় যুক্তি, সম্প্রীতি হয়ে দাঁড়ায় দেশদ্রোহ। সত্যিই, দেশপ্রেম–‌দেশদ্রোহের সংজ্ঞাগুলো কেমন বদলে যায়!‌

Previous post বেঙ্গল টাইমস।। ই ম্যাগাজিন।। ১২ মার্চ সংখ্যা
Next post বিলম্বিত অ্যাস্ট্রো টার্ফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *