‌চেনা শহরে অন্নদাশঙ্কর

ত্রিদিব চক্রবর্তী

আপনি কি বিষ্ণুপুর শহরে গেছেন?‌ মহকুমাশাসকের প্রশাসনিক ভবন দেখেছেন!‌ মন্দিরনগরী বিষ্ণুপুরের কাছে প্রশ্ন করলে সহজেই পেয়ে যাবেন উত্তর। বাসস্ট্যান্ড থেকে হাঁটা পথে বড়জোর চার মিনিট। জেলা শহর বাঁকুড়ার মানুষকে জিজ্ঞেস করুন। তাঁরাও চোখ বন্ধ করে বলে ফেলবেন। এর জন্য ঘড়ির কাঁটায় মিনিট, ঘণ্টার অপেক্ষা করতে হবে না। অনেকেই আছেন, যাঁদের কাছে এটা অমূলক প্রশ্ন হতে পারে। কেউ হয়তো মজা করে বলবেন, মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছেন?‌ প্রাণের শহরে এ নিয়ে বাকবিতণ্ডাও চলতে পারে। অনেকটা ঠিক শক্তিগড়ে গিয়ে সেখানকার মানুষকে ল্যাংচা চেনানোর মতো শোনাবে।

বিষ্ণুপুরের কথা শুনলেই উঠে আসে যদুভট্ট, জ্ঞান গোস্বামী, দলমাদল কামান, কাবুলিওয়ালা ছবির ছোট্ট মিনির বাবা অভিনেতা রাধামোহন ভট্টাচার্যের কথা। আর গানবাজনার সঙ্গে মোতিচুরের লাড্ডু তো আছেই। কর্মের তাগিদে বীরহাম্বির নগরে অনেকেই এসেছেন। আবার চলেও গেছেন। ভালবেসে কেউ আবার নিজের স্থায়ী ঠিকানা করে নিয়েছেন এখানেই। বাঁকুড়া জেলা আদালতের ঠিকানা হয়তো জানেন না। আদালতের কত নম্বর ঘরে বিচারকের আসনে যিনি বসে আছেন, তাঁর কথা অনেকের কাছে অধরাই। জানার কথাও নয়। তবে, কর্মসূত্রে একটা মানুষ কতদিন ছিলেন, কোথায় ছিলেন, এ তথ্য পাওয়া যেতেই পারে। উইকিপিডিয়ার সৌজন্যে সে তথ্য পেয়ে যাবেন। কত বছর, কত মাস, নামের জঙ্গে জায়গার, জায়গার সঙ্গে দপ্তরের খোঁজ নিলে সেই নথিও পাওয়া যাবে।

কিছু কিছু গান, কিছু কবিতা, ছড়া এমনকী গল্প, উপন্যাস একজন লেখক, শিল্পীকে কালজয়ী করে তোলে। তিনি হয়ে ওঠেন কিংবদন্তি। নামই তাঁকে এনে দেয় অমরত্ব। ভনিতা না করে নামটা বলেই ফেলি— অন্নদাশঙ্কর রায়। কেউ বলবেন, তিনি ছড়াকার। কারও কাছে প্রাবন্ধিক, উপন্যাসিক। ছিলেন আইসিএস অফিসার। দুই বাংলাতেই কাজ করেছিলেন। প্রশাসনিক স্তরে দায়িত্ব সামলেছেন কঠোরভাবে। কখনও জেলা জজ, কখনও আবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কোথাও মহকুমাশাসক। কর্মজীবন যদিও বেশিদিন স্থায়ী হয়নি। চাকুরিজীবন শুরু করেছিলেন বহরমপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট রূপে। কিন্তু আমরা কজন জানি, এই মানুষটাই কর্মসূত্রে এসেছিলেন বিষ্ণুপুরে। যেন এসেছিলেন?, দেখেছিলেন, মন জয় করে নিয়েছিলেন। জেলা শহর বাঁকুড়ার জন্য সময়টা অনেকটাই। ১৯৩০ এ বাঁকুড়ায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট, জেলা জজ হয়ে দ্বিতীয়বার বাঁকুড়ায় ছিলেন ১৯৪০–‌৪৩। দেশ তখনও স্বাধীন হয়নি। কিন্তু হঠাৎ বিষ্ণুপুরের কথাই কেন?‌ কী এমন করলেন?‌ ছেলেবেলায় ভাবসম্প্রসারণ করতে গিয়ে কবিতার একটা লাইন বারবার ফিরে আসত, ‘‌দেখা হয় নাই চক্ষু মেলিয়া’‌। যার পরিধি অনেকটাই বড়। ঐতিহ্যকে যেমন স্মরণ করতে হয়, তার সংরক্ষণও হয় একইভাবেই। আর বিস্মৃত ইতিহাস তো বাঙআলির মনেপ্রাণে। ১৯৩৪ এর এপ্রিল থেকে অক্টোবর। সাত মাস। সময়টা নেহাতই কম। শ্রীনিবাস আচার্যের বিষ্ণুপুর তাঁকে পরিচয় দিয়েছিল অন্যভাবে। কর্মজীবনে ঘটিয়েছিলেন নিঃশব্দ বিপ্লব। কোনও কোনও সময় জায়গার সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠাতার নাম এক নিশ্বাসেই উঠে আসে। কালের নিয়মে একদিন সবাই চলে যান। চলে যেতে হয়। বিশিষ্ট গবেষক ড রামপ্রসাদ বিশ্বাসের কথায়, বিষ্ণুপুরে মহকুমা শাসক থাকাকালীন দুর্নীতি পরায়ণ এক পুলিশ সাব ইনস্পেক্টরকে আইনসম্মত শাস্তি দিয়েছিলেন। সজোরে বেত্রাঘাতও করেছিলেন। তৎকালীন জেলার পুলিশ সুপার ছিলেন শ্বেতাঙ্গ। কাজটি ছিল অবৈধ। তাই অন্নদাশঙ্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল বর্ধমান ডিভিশনের শ্বেতাঙ্গ অফিসার বারোজ সাহেবের কাছে। তাঁর এলাকায় একজন কৃষ্ণাঙ্গ এসডিও অবৈধ হস্তক্ষেপ করেছেন। এই অভিযোগে কমিশনার সাহেব তাঁকেই দোষী সাব্যস্ত করেন। প্রতিবাদে দৃঢ়চেতা অন্নদাশঙ্কর দীর্ঘসময়ের ছুটি নিয়ে চলে যান। এই ঘটনার পর তিনি চাকরি ছাড়তেও প্রস্তুত ছিলেন। তাঁর কাছে সরকারি নীতির চেয়ে মনুষ্যত্ব বড়। ব্রিটিশ কর্মচারি হলেও ব্রিটিশের তাঁবেদারি করেননি। ছিলেন গান্ধীবাদি অহিংসায় বিশ্বাসী। তিনি মনে করতেন হিংসাকে জয় করতে হয় অহিংসা দিয়েই। আর তাই ন্যায়বাদী ছিলেন বলেই সবসময় ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তাঁর অন্তরে দেশপ্রেম ছিল ফল্গুধারার মতো। উচ্চপদস্থ কর্মচারি হিসেবে ছিলেন ন্যায়বাদী। ছিল আত্মমর্যাদাবোধ। তাঁর ব্যক্তিস্বাতন্ত্রের জন্য বেশ কয়েকবার ওপরওয়ালাদের সঙ্গে মতবিরোধও ঘটেছে।

ইচ্ছে ছিল মাত্র পাঁচ বছর চাকরি করবেন। নিজের কর্মজীবন ছিল প্রায় বাইশ বছর। যার অর্ধেকটা পূর্ববঙ্গে। সেখানে কিছুটা সময় কেটেছে বিচার বিভাগে। আর বাকিটা শাসন বিভাগে। বাকি এগারো বছর পশ্চিমবঙ্গে। স্বাধীনতার পর কাজ করেছেন আর মাত্র ৪ বছর। ৪৭ বছর বয়সে চাকরি জীবন থেকে অবসর নেন। বিচিত্র কর্মজীবন স্রষ্টাজীবনকে সমৃদ্ধ করে। থেকে যায় তাঁর সৃষ্টি। বিষ্ণুপুরের প্রেমে সিক্ত হয়ে একটি পত্রিকার নামকরণ করেছিলেন। জেলার প্রাচীন পত্রিকাটির নাম দিয়েছিলেন ‘‌অভিযান’‌। ছাপা হত বিষ্ণুপুর শহরেই। বীরেন্দ্রনাথ বসুর নলিনী প্রেস থেকে প্রকাশিত হত পত্রিকাটি। প্রথম সম্পাদক ছিলেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুলচন্দ্র ঘোষ। তারপর সম্পাদনার দাযিত্বভার গ্রহণ করেন অধ্যাপক কান্তি হাজরা। প্রায় ৬৫ বছর চলেছিল সেই পত্রিকা। প্রসঙ্গত, আরেকটি বিষয়ের কথাও উল্লেখ করতে হয়। বিষ্ণুপুরে মহকুমা শাসক থাকাকালীন রামসাগর উচ্চবিদ্যালয়ের সঙ্গেও ছিল তাঁর নিবিঢ় সম্পর্ক। পরোক্ষভাবে যুক্ত ছিলেন সেখানেও। সময় পেলেই মাঝে মাঝে তিনি সেখানে যেতেন। অনুষ্ঠানে অংশ নিতেন। স্কুলের সঙ্গে গড়ে উঠেছিল ধারাবাহিক যোগসূ্ত্র। সেই সময় তদানীন্তন রাজ্য সরকারের দাপুটে আইপিএস অফিসার ছিলেন তাঁর বন্ধু কে কে হাজরা (‌করুণাকরণ হাজরা)‌। তাঁর শীতল সান্নিধ্যের আমন্ত্রণেই যেতে হত স্কুলে। শোনা যায়, সেই বিদ্যালয়ের স্মরণিকাতেও অন্নদাশঙ্কর রায়ের একটি লেখা প্রকাশিত হয়েছিল।

তারপর কেটে গেছে দশকের পর দশক। তাঁর জন্মের শতবর্ষও পেরিয়ে এসেছি আমরা। সময় বদলেছে। কিন্তু থেকে গেছে তাঁর স্মৃতিকথা। থেকে গেছে তাঁর উজ্জ্বল উপস্থিতির কথকতা। স্মৃতির শহর বিষ্ণুপুরে ট্রেজারি বিল্ডিংয়ের পরিখার ভেতর বসানো হয়েছে কবির আবক্ষ মূর্তি। সেই গাছের তলায় যেখানে দাঁড়িয়ে হয়তো দু’‌দণ্ড বিশ্রাম নিতেন। সেখানে নির্মিত হয়েছে অন্নদাশঙ্কর রায়ের স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবন। তাঁর স্বল্প সময়ের কর্মজীবনে বিষ্ণুপুরের স্থাপত্যকীর্তি পরিদর্শন এবং বিশ্লেষণ নিয়ে দ্য স্টেটসম্যান পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই লেখার সূত্র ধরেই প্রাদেশিক ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ বিষ্ণুপুরে আসার উদ্যোগ নেয়। হেরিটেজ উদ্যানের স্মৃতিফলকে মন্দির নগরীতে অন্যতম এই কথকের কথা আজও যেন স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে আছে।

অবসর জীবনের পর ছিল সাহিত্য জীবন। তারপর সবটাই তো ইতিহাস। নিজের বিচিত্র জীবনে রসদ সংগ্রহ করেছিলেন অনেকটাই। নিবিঢ় অভিজ্ঞতাগুলি প্রাণরসে সঞ্চারিত হয়েছিল সাহিত্যের মধ্যে। মানবজীবনে সাধারণ মানুষের কথা, লোকায়ত জীবনের কথা উঠে এসেছিল তাঁর সাহিত্যে। স্বল্প সময়ের সান্নিধ্যে থেকেও বিষ্ণুপুরের মানুষের কাছে তাঁর অসামান্য কার্যকলাপ রয়ে গেছে স্মৃতির মণিকোঠায়। বিষ্ণুপুর পেয়েছিল অন্নদাশঙ্করকে। আমরা যারা একটু আধটু কাব্যচর্চা করি, ছোট থেকেই পড়ে আসছি তাঁর সেই বিখ্যাত ছড়া— ‘‌তেলের শিসি ভাঙল বলে খুকুর পরে রাগ করো/‌তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো/‌ তার বেলা?‌’ গর্ব করে আমরা আজও বলে উঠি, অন্নদাশঙ্কর রায় আমাদেরই লোক।

Previous post কালীঘাটের কাকু নয়, আসলে ভেন্টিলেশনে আছে সিবিআই
Next post তিনি বিদ্বান, তাই তিনি মৌনিমোহন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *