ধন্যবাদ সুনীল, আপনার পা দুটো মাটিতেই আছে

রজত সেনগুপ্ত

হঠাৎ কাগজে দেখলাম, মেসিকে ছুঁয়ে ফেললেন সুনীল। সুনীল মানে, সুনীল ছেত্রি। তা কী এমন করলেন যে মেসিকে ছুঁয়ে ফেললেন!‌ একটু পড়ে বুঝলাম, ভারতের হয়ে সুনীল যতগুলো গোল করেছেন, আর্জেন্টিনার হয়ে মেসিও নাকি ততগুলোই গোল করেছেন। হায় রে!‌ কার সঙ্গে কার তুলনা!‌

sunil 4
ধরা যাক, আপনার ছেলে পাড়ার স্কুলে ফার্স্ট হল। তাহলে আর চিন্তা কীসের?‌ আপনার ছেলে গ্রন্থন সেনগুপ্ত হয়ে গেল। এই গ্রন্থন রাজ্যে ফার্স্ট হয়েছে, আপনার ছেলে তার স্কুলে হয়েছে, ব্যাপারটা তো একই, তাই না?‌
বাংলা চ্যানেল আর কাগজগুলোকেও বলিহারি!‌ মেসিকে ছুঁয়ে ফেললেন সুনীল!‌ দুম করে যা খুশি হেডিং করে দিলেই হল!‌ মারাদোনা বিশ্বকাপে যত গোল করেছেন, দীপেন্দু বিশ্বাস কলকাতা লিগে তার থেকে ঢের বেশি গোল করেছেন। তাহলে আর চিন্তা কীসের?‌ মারাদোনার থেকে দীপেন্দু অনেক বড় ফুটবলার।
কী জানি, ভেবেছিলাম সুনীলও হয়ত এমনটাই ভেবে বসবেন। যাক, সুনীল অন্তত তেমনটা মনে করছেন না। কলকাতায় এক অনুষ্ঠানে এসে জানালেন, মেসিকে ছুঁয়েছি, এটা আমার মাথায় জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য ছিল। তারপরই মাথা থেকে ওটা বের করে ফেলেছি। আপনারাও বের করে ফেলুন। কোথায় মেসি আর কোথায় আমি!‌ দুজনের তুলনা কখনও হতে পারে!‌ আমার নিজেরই খুব লজ্জা লাগছে।
বোঝা গেল, সুনীল শুধু বড় ফুটবলারই নন। মানুষ হিসেবেও অনেক বড়। গ্যাস দিয়ে যে যতই বেলুন ফোলানোর চেষ্টা করুন, তাঁর পা দুটো এখনও মাটিতেই আছে।

Previous post কেউ কাউকে চিঠি লেখে না
Next post লাল সেলাম, কমরেড মেসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *