বেঙ্গল টাইমস। ই বুক। পাহাড়তলির পথে প্রান্তরে।

পথ চাওয়াতেই আনন্দ

আমার স্ত্রী মাঝেই অনুযোগ করেন, তোমার আর কোনও জায়গা নেই!‌ ঘুরেফিরে প্রতিবার সেই উত্তরবঙ্গ!‌ স্ত্রীর মুখের ওপর কথা বলা ‘‌শাস্ত্রবিরোধী’‌। অগত্যা মনে মনে জীবনানন্দ আউড়ে বলি, ‘‌উত্তরবঙ্গের মুখ আমি দেখিয়াছি। তাই কাশ্মীরের রূপ খুঁজিতে যাই না আর।’

আসলে, তাঁকেও মাঝে মাঝেই এই প্রশ্নের মুখে পড়তে হয়। তোরা বছরে কতবার করে উত্তরবঙ্গে যাবি!‌ আর কি কোনও জায়গা নেই?‌ তিনিও কোনও উত্তর খুঁজে পান না। অতএব, তাঁর দিকে ধেয়ে আসা প্রশ্নটা তিনি আমার দিকেই ছুড়ে দেন।

মনে মনে ভাবি, এবার দুর্নাম ঘোচাতেই হবে। পড়শি রাজ্য ঝাড়খণ্ড বা সিকিমও তো কম হল না। এবার যাব দূরে, বহু দূরে। বাংলায় পালাবদলের পর এক রাউন্ড হিমাচল–‌সফরও হয়ে গেছে। বিস্তর ঘোরার পথ ফের এই সিদ্ধান্তেই উপনীত হওয়া গেল, উত্তরবঙ্গের কোনও বিকল্প নেই। এবং গোটা হিমাচল সফরকালীন বিস্তর মতপার্থক্যের মধ্যেও এই একটি বিষয়েই একমত হওয়া গিয়েছিল। এ অনেকটা রেস্তোরাঁয় গিয়ে আম বাঙালির মেনু কার্ড ঘাঁটার মতোই। গোটা মেনু কার্ড খুঁটিয়ে দেখবে। তারপর অর্ডার দেওয়ার সময় সেই বিরিয়ানি, আর চাইনিজের দিকে গেলে চিলি চিকেন। এভাবেই ঝটিকা সফরে হলেও বছরে বার চারেক উত্তর অভিযান হয়েই যায়। দুপুরে টিকিট কেটে রাতে ট্রেনে উঠে পড়েছি, এমনও হয়েছে।

কয়েকমাস আগেই বেরিয়েছিল ‘‌তোমার বাড়ি আমার বাড়ি মকাইবাড়ি মকাইবাড়ি’‌। সেই সংস্করণ ছিল মূলত চা–‌বাগান কেন্দ্রিক পর্যটন নিয়ে। এবার ইচ্ছে করেই চা–‌পর্যটনকে এড়িয়ে যাওয়া হয়েছে। এবারের সফর মূলত কয়েকটি পাহাড়ি গ্রামে। যেগুলি ইদানীং সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছুটা প্রচার পেলেও যখন গিয়েছিলাম, তখন অখ্যাতই ছিল। সব লেখা যে হাতে গরম টাটকা, এমন দাবি করার কোনও মানেই হয় না। বরং মর্গান হাউসের মতোই, পুরনো আমেজটাই ধরে রাখা হয়েছে। এডিট করে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়নি।

ভ্রমণের লেখা মানেই তার অনিবার্য অঙ্গ— কীভাবে যাবেন, কোথায় থাকবেন। এগুলোকেও সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয়েছে। কারণ, সেগুলো বলার জন্য গুগল নামক সবজান্তা ‘‌সিধু জ্যাঠা’‌ আছেন। চারপাশে কী কী দেখার জায়গা আছে, সেদিকেও আলো ফেলা হয়নি। বাঙালি চারপাশটা ঘুরতে গিয়ে আসল জায়গাটাই ঘোরে না। কথাটা দার্জিলিংয়ের ক্ষেত্রেও সত্যি, পুরীর ক্ষেত্রেও সত্যি। বাঙালি খুব ঘটা করে দার্জিলিং যায়, কিন্তু ‘‌চারপাশ’ দেখতে গিয়ে আর নতুন জায়গার বিস্তর ছবি তুলতে গিয়ে শেষমেশ দার্জিলিংটাই আর দেখা হয় না।

এই বই মূলত গ্রামীণ পর্যটন নিয়ে। অতএব, তথাকথিত ‘‌চারপাশ’‌ এর তেমন হাতছানি নেই। অলসভাবে পায়ে হেঁটে পাড়া বেড়ানো। ‘‌কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই।’‌ রুম কেমন, বাথরুম কেমন, গিজার আছে কিনা— এসব বিষয়গুলো নিয়ে কোনওকালেই মাথা ঘামাইনি। বরং গ্রামটা কেমন, মানুষগুলো কেমন, সকালটা কেমন, সন্ধেটা কেমন— এই ছবিটাই আঁকতে চেয়েছি। টুকরো টুকরো অনুভূতি, জনপদের সঙ্গে জড়িয়ে থাকা ছোট ছোট গল্প— এগুলোতেই আলো ফেলা হয়েছে। আপন খেয়ালে পাহাড়ি ঝোরার মতোই বয়ে যাওয়া। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। ‌


বেঙ্গল টাইমস। ই বুক। পাহাড়তলির পথে প্রান্তরে।

বইটির পিডিএফ আপলোড করা হল। দেওয়া হল ওয়েবলিঙ্ক। নীচের লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে।

https://bengaltimes.in/wp-content/uploads/2026/11/pahartolir-pathe-prantare.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *