Categories কবিতা

দাদনপাত্রবাড়

স্বরূপ গোস্বামী

সন্ধে নামে একলা আকাশ থেকে
পাখির দল ফিরেছে আপন ঘরে
সব কোলাহল থেমে গেছে নিমেশেই
একাকী এই সন্ধে নামার পরে।

মন ফিরে যায় সেদিনের সন্ধ্যায়
উত্তাল সেই সমুদ্রের ঢেউ
ওদিকে ভীড় তেমন নেই
দুজন ছাড়া আর ছিল না কেউ।

অনেক দূরে নৌকোগুলো বাঁধা
সৈকত বেয়ে হেঁটে যাওয়া সেই পথ
জোয়ারের জল একটু একটু বাড়ে
হালকা দুলুনি, নৌকোই যেন রথ।

আকাশে তখন পূর্ণিমার চাঁদ
জ্যোৎস্না খেলে সমুদ্রে আর পাড়ে,
গান ধরব তোর হাতে হাত রেখে
আমাদের সেই দাদনপাত্রবাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *