তদন্ত কমিটি!‌ অশ্বডিম্ব ছাড়া তারা কীই বা প্রসব করবে!‌

এই সরকারের আমলেও সেই রোগ আর যাচ্ছে না। কমিটি ঘোষণা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী বা বিভাগীয় মন্ত্রী আগেই যেন তদন্ত কমিটির রায় ঘোষণা করে দিচ্ছেন। তাহলে আর তদন্ত কমিটির দরকার কী?‌

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জিও সেই পন্থা নিয়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজে একদল বহিরাগত গুন্ডা তাণ্ডব চালাল। টিভি ক্যামেরায় পরিষ্কার দেখা গেল, সেই দুর্বৃত্তরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইট ছুড়ছে। লাঠি দিয়ে কাচ ভাঙছে। তারা কোন দলের, সেটাও পরিষ্কার বোঝা গেল। তারা নিজেরাও নিজেদের পরিচিতি গোপন করল না। সগর্বে, সদর্পে নিজেদের উপস্থিতি জানান দিয়ে গেল।

তারপরেও স্বাস্থ্যমন্ত্রী কার্যত তাদের হয়ে সাফাই গেয়ে গেলেন। উল্টে যে চিকিৎসকরা নিজেদের দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তাঁদের কলঙ্কিত করার সবরকম চেষ্টা করে গেলেন। তিনি চিকিৎসকদের পক্ষে না সেই দুর্বৃত্তদের পক্ষে, সেটাই বারবার গুলিয়ে যাচ্ছিল। আসলে, স্বাস্থ্যমন্ত্রী বিলক্ষণ বুঝেছেন, গুন্ডাদের শাস্তি দেওয়া তাঁর কম্ম নয়। বরং ডাক্তারদের শোকজ থেকে সাসপেন্ড, অনেককিছুই তিনি করতে পারেন। বিড়াল সবসময় নরম মাটিই খোঁজে।

পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী তাঁর ভাষণে একবার ‘‌দিমাগি নকশাল’‌ কথাটা বলে ফেলেছেন। আর যায় কোথায়!‌ যে যখন পারছেন, এই তকমা সেঁটে দিচ্ছেন। নিশ্চিতভাবেই বলা যায়, এই দিমাগি নকশাল কথাটা প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নয়। কোনও এক স্ক্রিপ্ট রাইটার লিখে দিয়েছেন। টেলি প্রম্পটারে শুনে তিনি উগরে দিয়েছেন। এর আগু–‌পিছু জানেন বলে মনে হয় না। ‘‌নকশাল’‌ শব্দটা কোত্থেকে এসেছে, এটুকুও জানার কথা নয়। তিনি বলে দিয়েছেন, অতএব সেটাই বেদবাক্য। পড়াশোনা জানা স্বাস্থ্যমন্ত্রীকেও কিনা তার কপি পেস্ট করতে হচ্ছে। তিনি অবশ্য বুদ্ধি খাটিয়ে একটা বাংলা প্রতিশব্দ বের করেছেন, মানসিক নকশাল।

একজন স্বাস্থ্যমন্ত্রী কিনা তাঁর দপ্তরের চিকিৎসকদের প্রকাশ্যে ‘‌নকশাল’‌ বলছেন। ভাবা যায়!‌ এই তিনি স্বাস্থ্য দপ্তরের অভিভাবক!‌ এই ডাক্তারদের সঙ্গে নাকি বাম–‌যোগ আছে। যেন বাম–‌যোগ থাকা বিরাট নিন্দনীয় একটা ব্যাপার। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কোন যোগ আছে!‌ শোনা যায়, কলেজ জমানায় ছাত্র পরিষদ করতেন। পরে কর্মজীবনে দীর্ঘদিন মমতা ব্যানার্জির তৃণমূল পন্থী সংগঠনও করেছেন। এখন জামা বদলে গেরুয়ায় ভিড়েছেন। তাঁর মতো হাওয়া বুঝে রং বদলের অভ্যেস জুনিয়র ডাক্তাররা হয়তো এখনও অর্জন করে উঠতে পারেননি।

যাই হোক, চিকিৎসকরা তাঁদের দাবিদাওয়ার কথা জানাচ্ছিলেন হাসপাতালের সুপারকে। সেই দাবি কতটা যুক্তিযুক্ত, কতটা মানা সম্ভব, সেটা সুপার বুঝবেন। প্রশাসনিক কর্তারা বুঝবেন। এর মধ্যে ওই স্বঘোষিত সনাতনীরা কোত্থেকে উদয় হল!‌ কে তাদের এই ভাঙচুরের অনুমতি দিল?‌ এই গুন্ডামিকে ‘‌রাষ্ট্রবাদ’‌ বলা ছাড়া মন্ত্রী আর কীই বা করতে পারেন‍‌! যে কোনও গুন্ডামি আর অসভ্যতাকে ‘‌রাষ্ট্রবাদ’‌ বলে চালানো হাল আমলের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আগেও সব গুন্ডামি হত ‘‌অনুপ্রেরণা’‌র নামে। এখন যার তার মুখে ‘‌রাষ্ট্রবাদ’‌ শব্দটা ক্রমশ ‘‌অনুপ্রেরণা’‌র মতোই হাস্যকর ও বিরক্তিকর হয়ে উঠছে।

‌আর জি করে যারা ভাঙচুর করেছিল, তাদের সঙ্গে এই অর্বাচীনদের কোনও তফাত আছে?‌ তাদের বেলায় পুলিশ হাত গুটিয়ে বসেছিল। এক্ষেত্রেও তাই।

মন্ত্রী ঘটা করে তদন্ত কমিটি ঘোষণা করলেন। অথচ, নিজেই প্রেস কনফারেন্সে চিকিৎসকদের মিছিলের পুরনো ছবি বের করে প্রমাণ করতে চাইলেন, তাঁরা নকশাল। মন্ত্রী যখন রায় ঘোষণা করেই দিয়েছেন, তখন ওই তদন্ত কমিটি অশ্বডিম্ব ছাড়া আর কীই বা প্রসব করবে!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *