সৃজন শীল
খুব অবাক হওয়ার মতো ঘটনা নয়। এমনটাই তো হওয়ার ছিল। বলা হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদ হারালেন। মূলস্রোত মিডিয়া এমনটাই দেখাতে চাইবে। বিষয়টা মোটেই তেমন লঘু নয়। আসলে এই রায়ে যদি কারও প্রতি অনাস্থা জানানো হয়ে থাকে, তা হল বিধানসভার স্পিকারের প্রতি।
স্পিকার পদের একটা আলাদা গরিমা আছে। এই পদে যাঁরা আসীন হন, তাঁদের সমালোচনা থেকে বিরত থাকাই শ্রেয়। কেউ সমালোচনা করলেই মনে করিয়ে দেওয়া হয়, স্পিকার হলেন সভার অভিভাবক। তাঁর সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন তোলা যায় না। কথাটা তৃণমূল জমানাতেও শোনা যেত। এই জমানাতেও শোনা যাবে, এতে আশ্চর্যের কিছু নেই।
হ্যাঁ, স্পিকারের পদ সম্মানীয়। কথায় কথায় তাঁর সিদ্ধান্তের সমালোচনা কাঙ্ক্ষিত নয়। কিন্তু যিনি এই চেয়ারে বসবেন, তাঁরও এই সহজ আপ্তবাক্যটা মাথায় রাখা উচিত। একটি পদের গরিমা অনেকটাই নির্ভর করে সেই পদে কে বসে আছেন, তার ওপর। নিজের পদের ওজন নিজে যদি ভুলে যান, তখনই ওই চেয়ার সঙ্কটে পড়ে।
কোনও সন্দেহ নেই, আগের তিনটি টার্মের যিনি স্পিকার ছিলেন, সেই বিমান বন্দ্যোপাধ্যায় এই পদের চূড়ান্ত অপব্যবহার করেছেন। ওই চেয়ারে বসে পরিষদীয় রীতিনীতির তোয়াক্কা করেননি। সবসময় থরহরি কম্পমান হয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন। ওই চেয়ার যে দৃঢ়তার দাবি রাখে, অধিকাংশ ক্ষেত্রে তার দশ শতাংশও দেখাতে পারেননি।
হঠাৎ করে স্পিকার হয়েই কেউ রাতারাতি ‘বোদ্ধা’ হয়ে যান না। তাঁকেও কাজের মধ্যে দিয়েই আরও শিখতে হয়। কিছুটা সময় দেওয়াও জরুরি। কিন্তু কতটা সময়? পনেরো বছরেও বিমানবাবু স্পিকারের কী কাজ, তা শিখে উঠতে পারেননি। তিনটে টার্ম মিলিয়ে অন্তত আশি জন দলত্যাগ করে শাসক শিবিরে যোগ দিয়েছেন। একজনেরও সদস্যপদ যায়নি। আসলে, দলবদলুরা নিশ্চিন্তে ছিলেন, তাঁদের কিছুই হবে না। পনেরো বছরে অন্তত তিনশো বাজেটকে গিলোটিনে পাঠিয়েছেন। সারা ভারতে এই নজির নেই।
থাক, অপকীর্তির তালিকা দীর্ঘায়িত করে লাভ নেই। তাছাড়া, এই স্পিকারের অপকর্মের পর আগের স্পিকার নিয়ে বেশি আলোচনা করাটাও খুব প্রাসঙ্গিক নয়। এই স্পিকারও সেই আগের ধারাই বজায় রেখেছেন। কোথাও কোথাও বিমানবাবুকেও ছাপিয়ে গেছেন। যার সূত্রপাত হয়েছিল বিরোধী দলনেতার নির্বাচন দিয়ে। ছ’মাস পর হাইকোর্ট রায় দিল ঠিকই, কিন্তু সাদা চোখেই দেখা যাচ্ছিল, তিনি আইন বা নৈতিকতা— কোনওকিছুরই ধার ধারেননি। যা নির্দেশ দেওয়া হয়েছিল, ‘জো হুকুম’ বলে তাই পালন করেছেন। একবারও ভেবে দেখেননি এর ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা কতখানি কলুষিত হল।
তৃণমূল ক্ষমতা থেকে নির্বাসিত, এটা ঘটনা। কিন্তু তাদের আশিজন নির্বাচিত হয়েছেন, এটাও ঘটনা। সেই দলের বিরোধী দলনেতা কে হবেন, তা সেই দলই ঠিক করবে। কিন্তু তিনি সেই দলের চিঠি দীর্ঘদিন ফেলে রাখলেন। পরে রাতারাতি চিঠি দেওয়া ঋতব্রতকে দু’ঘণ্টার মধ্যে বিরোধী দলনেতার পদে বসিয়ে দিলেন। স্বাধীনতার পর থেকে ভারতের কোনও রাজ্যে এমন নজির নেই। আগের চিঠি নিয়ে যদি সংশয় থেকেই থাকে, তাঁদের ডেকে পাঠিয়ে বিধায়কদের হাজির হতে বলা হল না কেন?
সেই বিরোধী দলনেতা নির্বাচনের আগের দিন বিশেষ বিমানে তিনি কোথায় উড়ে গিয়েছিলেন, কার সঙ্গে বৈঠক করেছিলেন, তা সব প্রথমসারির গণমাধ্যমেই প্রকাশিত। তাঁর দিক থেকে বা বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে কোনও পাল্টা বিবৃতি বা রিজয়েন্ডার আসেনি। একজন স্পিকার চালিত হচ্ছেন বাইরে থেকে। এটা কতটা অসম্মান জনক, সেটা বোঝার মতো পরিষদীয় জ্ঞান শাসকদলের খুব কম লোকেরই আছে।
যাই হোক, দেরিতে হলেও আদালত অন্তত কড়া বার্তা দিয়েছে। বিধানসভার কাজে আদালত সাধারণত হস্তক্ষেপ করে না। আগের সরকারের আমলেও যত মামলা হয়েছে, স্পিকারের বিবেচনাবোধের ওপরই বিষয়টি ছাড়া হয়েছিল। স্পিকার ছত্রে ছত্রে সেই আস্থার চূড়ান্ত অমর্যাদা করেছেন। কিন্তু আগের স্পিকারের কর্মকাণ্ড দেখেও বর্তমান স্পিকারের শিক্ষা হয়নি।
দশদিন পর কী হবে? আবার হয়তো ড্যাং ড্যাং করে ঋতব্রতই বিরোধী দলনেতা হবেন। কারণ, সংখ্যা তাঁর সঙ্গে। সর্বোপরি শাসক তাঁর সঙ্গে। তিনি যে শাসকদলের অনুমোদিত বিরোধী দলনেতা, তা তো দিন কয়েক আগে শারদ্বত মুখোপাধ্যায়ই বুঝিয়ে দিয়েছেন। আবার না হয় সংখ্যার জোরে ঋতব্রতই বিরোধী দলনেতা হবেন। বিরোধী দলনেতার হয়ে শাসক দলই উদ্বাহু নৃত্য করবে। এই ঋতব্রতই কয়েক মাস পর হয়তো বিজেপির টিকিটে রাজ্যসভায় যাবেন। এই দেওয়াল লিখনও পরিষ্কার। এই ভবিষ্যদ্বাণীটা এখনই সেটা ছাপার আকালে নথিবদ্ধ থাকুক। যিনি শাসকের আগামী দিনের সাংসদ, তিনি হবু বিরোধী দলনেতা। গণতন্ত্রের এমন প্রহসনের জন্য এখন থেকেই আমরা তৈরি থাকতে পারি।
তাহলে, মোদ্দা কথাটা কী দাঁড়াল। যিনি স্পিকার, তিনি স্পিকারই থাকবেন। যিনি বিরোধী দলনেতা, আবার হয়তো তিনিই বিরোধী দলনেতা হবেন। কিন্তু আদালতের ওই ভর্ৎসনাটুকুও বিধানসভার কলঙ্ক হয়ে থেকে যাবে।
