অন্যের ভাষাকে ছোট না করেও নিজের ভাষাকে ভালবাসা যায়

বৃষ্টি চৌধুরি

হিন্দিই বলুন, ইংরাজিই বলুন। বাংলাই বলুন। যে কোনও ভাষাতেই ‘‌মা’ এর প্রতিশব্দে ‘‌ম’‌ থাকবেই। একবার মনে করে দেখুন। কেউ বলেন মা, মাতাশ্রী, কেউ আম্মি, কেউ মাম্মি, কেউ মাদার। এমনকী তামিল বা তেলেগুর ক্ষেত্রেও তাই। স্প্যানিশ বা ইতালিয়ানের ক্ষেত্রেও তাই।

কোন শব্দটা আমরা প্রথম বলতে শিখি। কাউকে শিখিয়ে দিতে হয় না। শিশু ঠিক মাকেই খুঁজে নেয়। সে মা ডাকটাই সবার আগে শেখে। মায়ের ভাষাই তার ভাষা। এটাই হল মাতৃভাষা।

যে ছেলেটি ছোট থেকে অঙ্গিকা হলে বড় হচ্ছে, সে পরে হয়তো বিদেশে গবেষণা করতে যেতে পারে। ইংলিশের প্রফেসর হতে পারে। কিন্তু তার মাতৃভাষা সেই অঙ্গিকাই। আজ ২১ ফেব্রুয়ারি। বিশ্ব মাতৃভাষা দিবস। অর্থাৎ, নিজের নিজের মাতৃভাষাকে আরও বেশি করে ভালবাসার দিন। নিজের ভাষাকে ভালবাসা মানেই নিজের মাকেও ভালবাসা। বা উল্টো করেও বলা যায়, আমরা নিজের মাকে যদি ভালবাসি, তাহলে যেন মায়ের ভাষাটাও ভালবাসতে পারি।

অনেকের ধারণা, এই দিনটি বোধ হয় বাংলাদেশের উৎসব। বিষয়টি মোটেই তেমন নয়। এটা ঘটনা, বাংলাদেশে মাতৃভাষার দাবিতে জোরদার আন্দোলন হয়েছিল। বাংলাদেশ তখন পাকিস্তানের অধীনে ছিল। সরকারি নির্দেশ জারি হল, সবাইকে উর্দুতে কথা বলতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাষা তো বাংলা। তাঁরা নিজেদের ভাষাতেই কথা বলতে চেয়েছিলেন। এই দাবিকে জোরদার করতে শুরু হল আন্দোলন। গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন মানুষ। সেই থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশে শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দেশের স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। কিন্তু সেদিন ভাষার জন্য শহিদ হয়েছিলেন অনেকেই।

শুরুতে দিনটি মূলত বাংলাদেশিরাই পালন করতেন। কিন্তু পরে ইউনেস্কো দিনটিকে বিশেষ স্বীকৃতি দেয়। তারা দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। যার যেটা মাতৃভাষা, তিনি সেই ভাষার জন্যই যেন গর্ববোধ করতে পারেন।

এই দিনটি নিজের ভাষাকে ভালবাসার দিন। পাশাপাশি মাথায় রাখতে হবে, আমার মাতৃভাষা যেমন আমার কাছে প্রিয়, তেমনই অন্যের ভাষাও তার কাছে প্রিয়। আমার ভাষাকে বড় করে দেখাতে গিয়ে আমরা যেন কখনই অন্য ভাষাকে ছোট করে না দেখি। ভবিষ্যতে আমাদের আরও অনেক ভাষা শিখতে হতেই পারে। কিন্তু আমরা যেন নিজেদের শিকড়কে ভুলে না যাই। আমাদের পা থাকুক মাটিতে।

Previous post ওরা কী চায়, নিজেরাই জানে না
Next post মেঘের দেশের হাতছানি, নির্জন সেই দাওয়াই পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *